জুয়ার প্রতিবাদে মানববন্ধন
মেলার নামে জুয়াসহ অনৈতিক কর্মকাণ্ডের অনুমতি না দেওয়ার দাবিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে মানববন্ধন করেছেন রাজশাহী সদর আসনের সাংসদ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। গতকাল রোববার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত নগরের সাহেববাজার জিরো পয়েন্টে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা পৃথক ব্যানার নিয়ে সাংসদ বাদশার সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
মানববন্ধনে সাংসদ বলেন, কয়েক বছর ধরে আনন্দ মেলার নামে যা হচ্ছে, তা বিবেক বিবর্জিত, অসামাজিক ও অশ্লীল। মেলার নামে জুয়া তরুণ ও যুবসমাজকে বিপথগামী করছে। মেলার নামে আপত্তিকর এসব কার্যকলাপ রাজশাহীর ইতিহাস, ঐতিহ্য ও কৃষ্টি-সংস্কৃতির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। ফলে রাজশাহীতে এ ধরনের মেলার অনুমতি না দেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।
১১ জানুয়ারি থেকে রাজশাহীর নওদাপাড়ায় কেন্দ্রীয় বাস টার্মিনালে মোটর শ্রমিক ইউনিয়ন আনন্দ মেলার আয়োজন করে। যেখানে লটারি, জুয়া ও অশ্লীল নৃত্য চালানোর অভিযোগ ওঠে।