জুয়াড়ি দলের তথ্যদাতা অতনু কারাগারে

ভারতীয় নাগরিক অতনু দত্তকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার মিরপুর থানা পুলিশ এক দিনের রিমান্ড শেষে তাঁকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত সোমবার অতনু দত্তকে এক দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত। রিমান্ড শেষে আজ তাঁকে আদালতে হাজির করা হয়। তবে তাঁর পক্ষে আজ জামিনের আবেদন করা হয়নি।
অতনু দত্ত ক্রিকেট জুয়ার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে মিরপুর থানার পুলিশ। কলকাতার একটি পেশাদার জুয়াড়ি দলের হয়ে তিনি মাঠ থেকে তথ্য পাচার করেন। তাঁকে গত রোববার দুপুরে রাজধানীর মিরপুর ১ নম্বর এলাকার একটি হোটেল থেকে গ্রেপ্তার করা হয়। ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ডে নেওয়া হয়।
এর আগে ৩ এপ্রিল বেনাপোল থেকে আটকের পর অতনুর বিরুদ্ধে মিরপুর থানায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে মামলা করে পুলিশ। ওই মামলায় ৬ এপ্রিল তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাঁকে জামিন দেন। পুলিশ তাঁর পাসপোর্টটি জব্দ করেছে।
মিরপুর থানা পুলিশের কর্মকর্তারা দাবি করেন, জিজ্ঞাসাবাদে অতনু বলেছেন, ক্রিকেট জুয়াড়িদের তথ্য দেওয়াই তাঁর কাজ। এসব করতে গিয়ে আইসিসির দুর্নীতিবিরোধী ও নিরাপত্তা ইউনিট—আকসুর আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থাপক ধরমবীর সিং যাদবের সঙ্গে তাঁর পরিচয় হয়।
বিদেশ ভ্রমণের খরচ কারা দেয়, জানতে চাইলে অতনু দত্ত বলেন, কলকাতার পেশাদার জুয়া দলের সদস্য কুনাল দাগা তাঁকে নিয়োগ দিয়েছেন। সব খরচও তিনি বহন করেন। তিনি স্বীকার করেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিচের পর্যায়ের কিছু কর্মচারীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা আছে। তাঁদের মাধ্যমেই তিনি খেলার টিকিট জোগাড় করেন। তাঁদের মাধ্যমেই তিনি খেলোয়াড়দের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেন। তবে কোনো খেলোয়াড়ের সঙ্গে ঘনিষ্ঠতা আছে কি না, তা তিনি জানাননি বলে দাবি পুলিশের।