জুয়াড়িদের হামলায় চার নেতা আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৌলতদিয়া-পাটুরিয়া পথে ফেরিতে জুয়াড়িদের হাতে নির্যাতিত এক যাত্রীকে রক্ষা করতে গিয়ে গতকাল মঙ্গলবার ভোরে মারধরের শিকার হয়েছেন ছাত্রলীগের চারজন নেতা। ঘটনার প্রতিবাদে ছাত্রলীগ ও স্থানীয় লোকজন গোয়ালন্দ বাজার বাসস্ট্যান্ড এলাকায় দৌলতদিয়া-খুলনা মহাসড়ক দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত অবরোধ করে রাখে। চিকিৎসাধীন গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সভাপতি এ বি এম বাতেন জানান, রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি মোসাব্বির হোসেন, সাধারণ সম্পাদক জাকারিয়া মাসুদ, সম্পাদকমণ্ডলীর সদস্য ইফতি সৌরভ ও তিনি একটি ব্যক্তিগত গাড়িতে করে সিলেটে থেকে গতকাল ভোর সাড়ে তিনটার দিকে পাটুরিয়া ফেরিঘাটে পৌঁছান। ফেরি শাহজালালে করে নদী পার হওয়ার সময় মাঝ নদীতে একদল জুয়াড়ি ট্রলারে করে এসে ফেরিতে উঠে তাঁদের গাড়ির পাশে জুয়ার আসর বসায়। কিছুক্ষণ পরই তাঁরা মুঠোফোনে জানতে পারেন, জুয়াড়িরা এক বাসযাত্রীর টাকাপয়সা ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে তাঁকে মারধর করছে। তাঁরা দ্রুত এসে ঘটনার প্রতিবাদ করেন। এ সময় জুয়াড়িদের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি এবং একপর্যায়ে হাতাহাতি হয়। এরপর জুয়াড়িদের পক্ষে আরও তিনটি ট্রলারে করে এসে প্রায় ২০-২৫ জন লোক ধারালো অস্ত্র, লাঠিও রড নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। হামলাকারীরা তাঁকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। ফেরিটি পরে দৌলতদিয়ার ২ নম্বর ঘাটে ভিড়লে নৌফাঁড়ির পুলিশ ও স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদিকে, এ ঘটনার প্রতিবাদে গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের কয়েক শ নেতা-কর্মী ও স্থানীয় বাসিন্দারা অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাজার বাসস্ট্যান্ড এলাকায় গতকাল দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে। পরে এতে জেলা ছাত্রলীগের নেতারাও এসে যোগ দেন। জেলা প্রশাসক সৈয়াদা সাহানা বারী, গোয়ালন্দ উপজেলা চেয়ারম্যান হাসান ইমাম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী সামিয়া ইয়াসমীন, পৌরসভার মেয়র শেখ মো. নিজাম, গোয়ালন্দঘাট থানার ওসি আবুল বাসার অবরোধস্থলে গিয়ে ছাত্রলীগ নেতাদের সঙ্গে আলোচনা করেন। প্রশাসনের কর্মকর্তারা আগামী ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের আশ্বাস দিলে বেলা আড়াইটার দিকে অবরোধ তুলে নেওয়া হয়। গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের আশ্বাসের পরিপ্রেক্ষিতে অবরোধ তুলে নেওয়া হয়। তাদের ধরতে পুলিশের অভিযান চলছে।