জুয়ায় বাধা দেওয়ায় কুপিয়ে জখম
ঝালকাঠির রাজাপুর উপজেলায় গতকাল শুক্রবার হুমায়ুন কবির (৪৫) নামের পুলিশের অবসরপ্রাপ্ত এক হাবিলদারকে কুপিয়েছেন দুই যুবক। জুয়া খেলায় বাধা দেওয়ায় তাঁকে কুপিয়ে জখম করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। হুমায়ুনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ওই দুই যুবকের মায়েদের আটক করেছে। আহত ব্যক্তির পরিবার ও পুলিশ সূত্র জানায়, সকাল ১০টার দিকে উপজেলার উত্তর সাতুরিয়ার বাড়ি থেকে পাশের বাজারে যাওয়ার পথে হুমায়ুনকে ঘিরে ধরেন তিন থেকে চারজন যুবক। তাঁরা হুমায়ুনের দুই হাত ও ডান পা দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যান। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনিত হলে তাঁকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হুমায়ুনের স্ত্রী মিনি বেগম অভিযোগ করেন, একই এলাকার ফিরোজ কাজীর ছেলে মো. নাইম ও মজনু মিয়ার ছেলে লিটন মিয়া তাঁদের দলবল নিয়ে কিছুদিন ধরে গাঁজা ও জুয়ার আসর বসিয়ে আসছিলেন। হুমায়ুন নিষেধ করলে তাঁরা ক্ষিপ্ত হয়ে এ হামলা চালান। রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) হালিম তালুকদার বলেন, ‘ঘটনার পরপরই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্থানীয় পর্যায়ে জানা গেছে, সন্দেহভাজন যুবকদের কিছুদিন আগে জুয়া খেলায় ও গাঁজা সেবনে বাধা দেন হুমায়ুন। এ ঘটনায় সন্দেহভাজন দুই যুবক লিটন ও নাইমের মায়েদের আটক করা হয়েছে।’