জুয়ায় বাধা দেওয়ায় হামলা
জামালপুরের সরিষাবাড়ীতে জুয়া খেলার প্রতিবাদ করায় গত বৃহস্পতিবার রাতে যুবলীগ নামধারী সন্ত্রাসীরা বিএনপির দুজন সমর্থকের বাড়িঘর ও দোকানে হামলা চালিয়েছে। এ সময় তারা লুটপাটও চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
এলাকাবাসী ও ক্ষতিগ্রস্তরা জানান, উপজেলার ডোয়াইল ইউনিয়নের রামানন্দপুর ব্রিজপাড় এলাকায় দীর্ঘদিন ধরেই উজ্জ্বল, কামাল ও মালেক জুয়ার আসর বসান। তাঁরা এলাকায় যুবলীগের সমর্থক হিসেবে পরিচিত। এদিকে গ্রামে বিএনপির সমর্থক হিসেবে পরিচিত দুলাল হোসেন ও আবুল কালাম এই জুয়া খেলার প্রতিবাদ করায় ওই তিনজন তাঁদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালান। এ সময় তাঁরা ফারুখ হোসেন ও মজনু মিয়ার দোকানও ভাঙচুর করেন।
রামানন্দপুর গ্রামের দুলাল হোসেন বলেন, ‘আমরা জুয়া খেলার প্রতিবাদ করায় যুবলীগের সন্ত্রাসীরা আমাদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে।’
তবে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছাইফুর রহমান জানান, যাঁরা এ ঘটনা ঘটিয়েছেন, তাঁদের সঙ্গে যুবলীগের কোনো সংশ্লিষ্টতা নেই।
জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার জানান, এর আগেও যুবলীগের সন্ত্রাসীরা এসব দোকান ও বাড়িঘরে হামলা করে। আসলে বিএনপির সমর্থক হওয়ায় যুবলীগের লোকজন বারবার তাঁদের ওপর হামলা করছে।
থানার পরিদর্শক (তদন্ত) তাওহীদুল ইসলাম জানান, এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি।