জুয়েল আইচের প্রিয় ডেভিড কপারফিল্ড, মেয়ের প্রিয় জাদুকর বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুয়েল আইচের সঙ্গে মেয়ে খেয়া। ছবি: খালেদ সরকার
জুয়েল আইচের সঙ্গে মেয়ে খেয়া। ছবি: খালেদ সরকার

জাদুশিল্পী জুয়েল আইচ। তাঁর মেয়ে খেয়া আইচ, সানবিমস স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী। এবার দুই প্রজন্মে এই বাবা-মেয়ের পছন্দ-অপছন্দের কথা জানা যাক।

১. প্রিয় খাবার...
জুয়েল আইচ: শাক, সবজি, ডাল, ভাত—যেকোনো ভালো খাবারই আমার প্রিয়। ভালোর দুটো রকম আছে। কোনোটা খাওয়া ভালো, কোনোটা খেতে ভালো। আবার কিছু খাবার আছে খাওয়াও ভালো, খেতেও ভালো। যেমন ডিম।

মেয়ে: ফল ভালো লাগে। যেমন: তরমুজ, আম। ইটালিয়ান, থাই খাবারও পছন্দ করি। এ ছাড়া মুড়ি খুব প্রিয়। মুড়ি যে আবিষ্কার করেছে, তাকে বিশেষ পুরস্কার দেওয়া উচিত।
২. কোন ধরনের গান ভালো লাগে?

জুয়েল আইচ: রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, আধুনিক গান, ফোক গান, ব্যান্ডের গানসহ সব ধরনের গানই ভালো লাগে। তবে গানের বাণী পছন্দ হতে হবে। সেই সঙ্গে গানটি অবশ্যই সুরেলা হতে হবে। কণ্ঠসংগীত ও যন্ত্রসংগীত (ইনস্ট্রুমেন্টাল) দুই ক্ষেত্রেই শাস্ত্রীয় ধারা আমাকে মুগ্ধ করে।

মেয়ে: পপগান বেশি প্রিয়। মাইকেল জ্যাকসন ভালো লাগে। এ ছাড়া ওয়ান ডিরেকশন ব্যান্ডের গানও আমার প্রিয়।

৩. যখন অবসর...

জুয়েল আইচ: শুধু অবসর আমি কখনো কাটাই না। হয়তো বই পড়ছি, টিভি দেখছি। এসব থেকে বিনোদন যেমন পাচ্ছি, তেমনি কিছু শেখার-বোঝারও চেষ্টা করছি। ইদানীং আমি ফেসবুক ব্যবহার করতেও শুরু করেছি।

মেয়ে: টিভি দেখি। ফেসবুক, ইউটিউবে যাই।মা-বাবার সঙ্গে আড্ডা দিই। বন্ধুদের সঙ্গে ফোনে গল্প করি।

৪. প্রিয় সিনেমা...

জুয়েল আইচ: উত্তম কুমার আর সুচিত্রা সেনের নেশা ধরানো কিছু সিনেমা আছে। যেমন: সবার ওপরে, হারানো সুর। উত্তম-সুচিত্রা জুটির সবগুলো ছবিই প্রিয়। এ ছাড়া ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারা, সত্যজিৎ রায়ের পথের পাঁচালীও খুব প্রিয়।

মেয়ে: কমেডি, অ্যাকশনধর্মী ছবিগুলো বেশি ভালো লাগে। সম্প্রতি নাউ ইউ সি মি সিনেমাটি দারুণ লেগেছে।

৫. প্রিয় জাদুশিল্পী...

জুয়েল আইচ: প্রিয় জাদুশিল্পীর কথা বলতে গেলে প্রথমেই বলব ডেভিড কপারফিল্ড। শুধু জাদুশিল্পী নন, মানুষ এবং বন্ধু হিসেবেও তিনি অসাধারণ। দেশে আবদুর রশিদ সাহেব ছিলেন, তাঁর জাদু ভালো লাগত। এ ছাড়া দেশে-বিদেশে আমার অনেক জাদুশিল্পী বন্ধু আছেন, তাঁদের জাদুও ভালো লাগে।

মেয়ে: প্রথমত বাবা, দ্বিতীয়ত ডেভিড কপারফিল্ড।

অধুনা প্রতিবেদক