১০ ট্রাক অস্ত্র আটক মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) সাদিক হাসান রুমিকে আসামিপক্ষের কৌঁসুলিদের জেরা গতকাল বুধবার শেষ হয়েছে। তিন দিনে ছয়জন আসামির কৌঁসুলিরা তাঁকে জেরা করেন।চট্টগ্রামে বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম মজিবুর রহমান জেরা গ্রহণ করেন।আগামী ১৭ এপ্রিল আরেক সাক্ষী জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এনামুর রহমানের সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত। গতকাল দুপুর সোয়া ১২টা থেকে পৌনে তিনটা এবং মধ্যাহ্ন বিরতির পর সাড়ে তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সাদিক হাসান রুমিকে ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, এনএসআইয়ের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিম, সাবেক পরিচালক উইং কমান্ডার (অব.) সাহাবউদ্দিন আহমদ, সাবেক উপ-পরিচালক মেজর (অব.) লিয়াকত হোসেন ও মাঠ কর্মকর্তা আকবর হোসেন খানের আইনজীবীরা জেরা করেন।‘পেশাগত ঈর্ষা ও সিআইডির চাপেই রেজ্জাকুল হায়দারের সঙ্গে উলফার পরেশ বড়ুয়ার যোগাযোগ আছে বলে সাক্ষ্যে উল্লেখ করেছেন।’—জেরায় রেজ্জাকুলের আইনজীবীর এই মন্তব্যের জবাবে জেনারেল রুমি বলেন, ‘এ কথা সত্য নয়।’ এর আগে গত ১৫ মার্চ আদালতে দেওয়া সাক্ষ্যে সাদিক হাসান রুমি বলেছিলেন, ১০ ট্রাক অস্ত্র আটকের পর ওই দিন ২০০৪ সালের ২ এপ্রিল দুপুরে চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইনে লুৎফুজ্জামান বাবরের নেতৃত্বে একটি সভা হয়। সভা শেষে ডিজিএফআইয়ের চট্টগ্রাম কার্যালয়ের অধিনায়ক কর্নেল রেজাউর রহমান ও কিছু মাঠকর্মী তাঁকে বলেছিলেন, অস্ত্র চালানের সঙ্গে এনএসআইয়ের তৎকালীন মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুর রহিম, পরিচালক উইং কমান্ডার সাহাবউদ্দিন, উপ-পরিচালক মেজর লিয়াকত হোসেন ও মাঠকর্মী আকবর হোসেনের সংশ্লিষ্টতার কথা শোনা যাচ্ছে। গতকাল জেরায় আসামি উইং কমান্ডার সাহাবউদ্দিনের আইনজীবী হামুদুর রহমান মাহমুদ প্রশ্ন করেন, ‘চট্টগ্রামের ওই সভায় ঘটনার সঙ্গে জড়িত হিসেবে সাহাবউদ্দিনের নাম কেউ বলেছিলেন কি না।’ জেনারেল রুমি ‘না’সূচক জবাব দেন।অস্ত্রের চালান আটকের এক দিন আগে ২০০৪ সালের ৩০ মার্চ থেকে সাহাবউদ্দিন অসুস্থ হয়ে ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন এবং ১৫ দিন ছুটিতে ছিলেন। এ বিষয়ে কিছু জানেন কি না, আইনজীবীর এ প্রশ্নের জবাবে রুমি বলেন, ‘জানি না।’অস্ত্রের চালান আটকের পর থেকে এ মামলার তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দি দেওয়ার আগ পর্যন্ত এ বিষয়ে সাদিক হাসান রুমি কাউকে কিছু বলেছিলেন কি না, তা জানতে চান লুৎফুজ্জামান বাবরের আইনজীবী মাহবুব আহম্মদ ও আব্দুস সোবহান তরফদার। জবাবে রুমি বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছাড়া কাউকে কিছু বলিনি।’ রাজনৈতিক উদ্দেশ্যে, নিজে লাভবান হওয়ার জন্য ও বাবরকে ক্ষতিগ্রস্ত করতে ঘটনার সাত বছর পর মিথ্যা সাক্ষ্য দিয়েছেন, বাবরের আইনজীবীর এ মন্তব্যের জবাবে রুমি বলেন, ‘মিথ্যে কথা।’ রুমি আরও বলেন, ‘ডিজিএফআইয়ের মহাপরিচালক থাকাকালে আইনের ব্যত্যয় ঘটিয়ে কিছু করিনি। মামলায় যে সাক্ষ্য দিয়েছি, তা ডিটাচমেন্ট কমান্ডারের কাছে শুনে দিয়েছি।’এনএসআইয়ের মাঠ কর্মকর্তা আকবর হোসেন খানের আইনজীবী রিদোয়ানুল বারীর জেরার জবাবে রুমি বলেন, ‘২০০৪ সালে এনএসআইতে যে আরও পাঁচজন আকবর হোসেন ও আকবর হোসেন খান ছিলেন। এ ব্যাপারে আমার কোনো নলেজ নেই। আমি জানি, ঘটনার সময় আকবর হোসেন খান চট্টগ্রামে কর্মরত ছিলেন।’আরেক আসামি মেজর (অব.) লিয়াকত হোসেনের আইনজীবী মো. শাহাবুদ্দিনের এক প্রশ্নের জবাবে রুমি বলেন, ‘২০০৫ সালের পরে ডিজিএফআইয়ের ছাড়পত্র নিয়ে মেজর লিয়াকত বিমানবন্দরের সিসি ক্যামেরা সরবরাহের কাজ করেন। এ সময়ে তাঁর বিষয়ে সরকারের কাছ থেকে কোনো নির্দেশনা আসেনি।’