জেঁকে বসা শীতে কাবু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার দিন ধরে কুড়িগ্রামে সূর্যের দেখা মেলেনি। বৃষ্টির মতো শিশির পড়ছে, বইছে হিমেল হাওয়া। শীত জেঁকে বসেছে নীলফামারীতেও। গরিব মানুষজন খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। এদিকে ঠান্ডার কারণে গত শুক্রবার কুড়িগ্রামের উলিপুরে ১০০ মুরগির বাচ্চা মারা গেছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কুড়িগ্রাম: গতকাল কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ ডিগ্রি সেলসিয়াস। গরম কাপড়ের অভাবে নিম্ন আয়ের ও শ্রমজীবী মানুষ পড়েছে চরম বিপাকে। ব্রহ্মপুত্র নদের তীরবর্তী ঘনশ্যামপুর গ্রামের আবুল হোসেন ও আখের আলী জানান, জরুরি প্রয়োজন ছাড়া বিকেলের পর মানুষ বাড়ির বাইরে বের হন না। ঘন কুয়াশায় কিছুই দেখা যায় না। সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নজরুল ইসলাম জানান, শীত ও অন্যান্য রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ১৪১ জন। এর মধ্যে ৬০ জন শিশু। এ ছাড়া আউটডোরে শীতজনিত রোগে চিকিৎসা নিয়েছে প্রায় ৮০০ জন মানুষ। এর অধিকাংশ শিশু ও বৃদ্ধ। সিভিল সার্জন লোকমান হাকিম জানান, চিকিৎসা বিভাগের সব কর্মকর্তা ও কর্মচারীদের সব ছুটি বাতিল করে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে।
নীলফামারী: গত শনিবার সন্ধ্যায় জলঢাকার শালনগ্রামে গিয়ে দেখা যায়, প্রায় প্রতিটি বাড়ির ঘরের সামনে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন নারী পুরুষ শিশু ও বৃদ্ধরা। এ সময় কথা হয় বৃদ্ধ অলন্ত বালার সঙ্গে। তিনি বলেন, ‘জারত মুই মরি যাওছো, মেম্বার চেয়ারম্যান কাও মোখ দেখে না। সকাল থাকি এই আগুন কোনা নিয়া আছ।’ একই গ্রামের ধর্মনারায়ণ বলেন, ‘ঠান্ডাত দুদিন থাকি কাম কাজত যাবার পায়ছি না। এমনিতে হরতাল-অবরোধ তারপর ঠান্ডা শুরু হইছে, হামার যে কি হইবে কায় জানে।’ শীতজনিত রোগ বেড়েছে। গতকাল দুপুর দুইটা পর্যন্ত শীতজনিত রোগে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে ৫০ শিশু ভর্তি ছিল।
সৈয়দপুর (নীলফামারী): শীতের তীব্রতা আরও বেড়েছে। ফলে শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। সৈয়দপুরে গতকাল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। শীত বেড়ে যাওয়ায় পুরোনো কাপড়ের দোকানগুলোতে ব্যাপক ভিড় দেখা গেছে। সৈয়দপুর শহরের ডাকঘরসংলগ্ন রেললাইনের ওপর বসানো হয়েছে অস্থায়ী পুরোনো শীতবস্ত্রের দোকান। এসব দোকানে দাম হাঁকা হচ্ছে বেশি। ফলে গরিব ক্রেতারা বিপাকে পড়েছে। সরকারিভাবে সৈয়দপুরে ৮১০টি শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
উলিপুর (কুড়িগ্রাম): উলিপুর পৌরসভার মালতিবাড়ী গ্রামের খামারি হাবিবুর রহমান জানান, এক সপ্তাহ আগে তিনি খামারে ব্রয়লার মুরগির এক হাজার বাচ্চা তুলেছেন। ঠান্ডার কারণে গত শুক্রবার তাঁর ১০০ মুরগির বাচ্চা মারা গেছে। এ ছাড়া কাশিয়াগাড়ী গ্রামের খামারি আইয়ুব আলীর ৩০টি, জিয়াউর রহমানের ৪০টি ও রফিকুল ইসলামের ৩০টি মুরগি মারা গেছে। খামারিরা জানান, খামারে দিন-রাত বৈদ্যুতিক বাতি জ্বালিয়েও বাচ্চা রক্ষা করা যাচ্ছে না।