জেঁকে বসেছে শীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক দিনের শৈত্যপ্রবাহে উত্তরাঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। হাসপাতালগুলোতে বেড়ে গেছে শীতজনিত রোগে আক্রান্ত ব্যক্তিদের ভিড়। সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে শিশু ও শ্রমজীবী মানুষ।
পাবনার ঈশ্বরদী আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক হাসান ইমাম বলেন, গতকাল মঙ্গলবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। শৈত্যপ্রবাহ শুরুর পর গত এক সপ্তাহে গতকালই ছিল সর্বনিম্ন তাপমাত্রা।
জেলা শহরের নিম্ন আয়ের অন্তত ১০ থেকে ১২ জনের সঙ্গে কথা বলে জানা যায়, অব্যাহত শৈত্যপ্রবাহে তাঁদের জীবনযাত্রা থমকে গেছে। কাজকর্মে গতি কমে যাওয়ায় অনেকের রোজগার কমে গেছে।
জেলা সদরের দীপচর গ্রামের রিকশাচালক আতোয়ার হোসেন বলেন, আগে তিনি ভোরে রিকশা নিয়ে বের হতেন। শীতের কারণে তা পরছেন না। অন্যদিকে রিকশায় ঠান্ডা বেশি লাগায় যাত্রীও কম পাচ্ছেন।
শহরের বড় বাজার এলাকায় কাজের অপেক্ষায় থাকা দিনমজুর শামছের আলী বলেন, ‘শীতির জন্যি দেরি করে বেলা হচ্ছে। বাড়িততেন আসে আর কাম পাওয়া যাচ্ছে না। তিন দিন ধরে কামের জন্যি বসে থাহে থাহে চলে যাওয়া লাগতেছে।’
পাবনা জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, অব্যাহত শৈত্যপ্রবাহে শীতজনিত রোগের প্রকোপ বেড়েছে। গত এক সপ্তাহে শুধু শিশু ওয়ার্ডেই চিকিৎসা নিয়েছে ১ হাজার ৩০০ শিশু। গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত ৩৩ আসনের শিশু ওয়ার্ডে ভর্তি ছিল ২৮৬টি শিশু।
সরেজমিনে গতকাল বেলা একটার দিকে হাসপাতালে গিয়ে দেখা যায়, জরুরি বিভাগ থেকে শুরু করে শিশু ওয়ার্ড পর্যন্ত মানুষের ভিড়।
এদিকে নওগাঁর রানীনগরে কনকনে ঠান্ডায় বিদ্যালয়গুলোতে ছাত্রছাত্রীর উপস্থিতি কমে গেছে। শীতের কারণে ভোগান্তির কবলে পড়ছেন চলতি বোরো মৌসুমে ধান রোপণে নিয়োজিত শ্রমজীবীরা। উপজেলার অধিকাংশ রাস্তায় ঘন কুয়াশায় যাত্রী ও মালবাহী যানগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। প্রতিদিন শীতজনিত রোগে আক্রান্ত হয়ে শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসছেন।