জেঁকে বসেছে শীত, নেই ত্রাণের যথেষ্ট উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন স্থানে শীত জেঁকে বসেছে। তীব্র ঠান্ডা এবং মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দরিদ্র, ছিন্নমূল ও নিম্ন আয়ের লোকজনের দুর্ভোগ বেড়েছে। বেড়ে গেছে ঠান্ডাজনিত রোগব্যাধি। শীতে প্রায় দিনই মারা যাচ্ছে কেউ না কেউ। তবে সরকারিভাবে ত্রাণ বিতরণের যথেষ্ট উদ্যোগ এখনো দেখা যাচ্ছে না। ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর: চুয়াডাঙ্গা: গতকাল বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা জানান, চলতি মৌসুমে এটাই দেশের সর্বনিম্ন তাপমাত্রা। মাত্র দুই দিনের ব্যবধানে জেলার তাপমাত্রা প্রায় অর্ধেকে নেমে এসেছে। চলছে মৃদু শৈত্যপ্রবাহ। বিশেষ প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছে না। দিনে এনে দিনে খাওয়া লোকজন পড়েছে বেশি বিপাকে। জেলা সদর হাসপাতালের চিকিৎসক মাহবুবুর রহমান জানান, এক সপ্তাহে শীতজনিত রোগে দুই শতাধিক শিশু এই হাসপাতালে ভর্তি হয়েছে। বেশির ভাগই ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত। অ্যাজমায় আক্রান্তের সংখ্যাও বেড়েছে। জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন জানান, চার উপজেলায় এক হাজার ৯০০টি কম্বল বিতরণ করা হয়েছে। পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়ার সীমান্তবর্তী তীরনই ইউনিয়নে এক সপ্তাহে শীতে মারা গেছে চারজন। এ খবর নিশ্চিত করে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আলমগীর হোসাইন বলেন, তাঁর এলাকায় এই মুহূর্তে এক হাজার মানুষের কম্বল প্রয়োজন। কিন্তু সরকারিভাবে কোনো কম্বল পাওয়া যায়নি। জেলা আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক আবুল কাশেম বলেন, গত তিন দিনে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ২০টি শিশু ভর্তি হয়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা গেছে, পাঁচ উপজেলা ও দুটি পৌরসভায় বরাদ্দ দেওয়া হয়েছে আড়াই হাজার কম্বল। সরকারি হিসাবে জেলায় ১৬ হাজার পরিবার দুস্থ। তেঁতুলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তারুল হক বলেন, উপজেলায় মাত্র ৩৫০টি কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে। এই কম্বল বিতরণ করার চেয়ে না করাই ভালো। উপজেলায় প্রায় ৩০ হাজার পাথরশ্রমিক আছেন, যাঁদের শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই। পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল খালেক বলেন, সরকারিভাবে শীতের শুরুতে নগণ্যসংখ্যক শীতবস্ত্র দেওয়া হয়েছে। তীব্র শীতে আগাম জাতের আলু ও ধানের চারায় কোল্ড ইনজুরি রোগ দেখা দিয়েছে। কৃষি বিভাগ কৃষকদের বীজতলায় ওষুধ ছিটানোর পরামর্শ দিচ্ছে। টেকনাফ (কক্সবাজার): শৈত্যপ্রবাহ ও জোয়ারের পানিতে টেকনাফের ১৭টি গ্রামের ৪০ হাজার মানুষের দুর্ভোগ বেড়েছে। আবহাওয়া দপ্তরের কর্মকর্তা মো. শহীদুল ইসলাম জানান, জেলায় গত কয়েক দিনে গড় তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সরেজমিনে দেখা গেছে, শীতের হাত থেকে বাঁচার তেমন কোনো ব্যবস্থা নেই উপজেলার অধিকাংশ মানুষের। তার ওপর জোয়ারের পানিতে ভেসে থাকছে ঘরবাড়ি। ঘরে ঘরে শিশুদের সর্দি-কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়া দেখা দিয়েছে। স্থানীয় সাংসদের উদ্যোগে এলাকায় ২০ হাজার মানুষকে কম্বল দেওয়ার তালিকা তৈরির কাজ চলছে। উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা আতাউর রহমান বলেন, বহু শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতালে আনার পথে ইতিমধ্যে কয়েকটি শিশু মারা গেছে।” উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সামছুল ইসলাম বলেন, সরকারিভাবে এখানে ৪২৯টি কম্বল পাওয়া গেছে। কুড়িগ্রাম: টানা ১০ দিনের শৈত্যপ্রবাহে জীবনযাত্রা এক রকম অচল হয়ে পড়েছে। শীতে গতকাল শিশুসহ দুজন মারা গেছে। কুড়িগ্রাম সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা নজরুল ইসলাম জানান, গতকাল ভোরে আফরোজা (১) নামের এক শিশু হাসপাতালে মারা গেছে। সে উলিপুর উপজেলার বকসীপাড়া গ্রামের খয়বর আলীর মেয়ে। রাজীবপুর উপজেলার ভাঙাপাড়া গ্রামের ফজলুল হক (৬৫) নামের এক ব্যক্তিও এদিন মারা যান। এ নিয়ে জেলায় চলতি শীতে ঠান্ডাজনিত রোগে মৃত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ২৫। তাদের মধ্যে শিশু ১৭ জন। জেলা প্রশাসক হাবিবুর রহমান জানান, গতকাল আরও ১১ হাজার কম্বল পাওয়া গেছে। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত ১৭ হাজার ৬৮৮টি কম্বল পাওয়া গেল। ভোলা: শীতজনিত অসুস্থতায় গত এক সপ্তাহে জেলার সদর হাসপাতালে চার শতাধিক শিশু ও বৃদ্ধ ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এক শিশু মারা গেছে। আরও সাত শিশু মারা গেছে জন্মকালীন শ্বাসকষ্টে। হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা শরীফ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। হাসপাতাল ঘুরে দেখা গেছে, তীব্র ঠান্ডার মধ্যে হাসপাতালের মেঝে অনেক রোগী শুয়ে আছে। রোগীরা হাসপাতালে এসেও স্বস্তি পাচ্ছে না। বাঁধ এলাকা, চরাঞ্চল ও বিভিন্ন গ্রামে দরিদ্র মানুষ আগুন জ্বালিয়ে শরীর গরম রাখছে। গরম কাপড়ের জন্য অপেক্ষা করলেও তাদের সহায়তায় এখনো সেভাবে কেউ এগিয়ে আসেনি। শীতের কারণে ভোলা সরকারি কলেজ ও সরকারি ফজিলাতুননেছা মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এক সপ্তাহ ধরে ক্লাস হচ্ছে না। জেলা প্রশাসক খোন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, এ পর্যন্ত সাড়ে তিন হাজার কম্বলসহ অন্য শীতবস্ত্র বিতরণ করা হলেও তা যথেষ্ট নয়।