জেআরসির বৈঠক শুরু, তিস্তার বণ্টন চুক্তির ব্যাপারে আশাবাদ
তিস্তার পানি বণ্টন চুক্তি সইয়ের ব্যাপারে ‘ইতিবাচক অগ্রগতি’ আশা করছে বাংলাদেশ ও ভারত। দুই দেশের কর্মকর্তাদের এ আশা সামনে রেখেই গতকাল সোমবার থেকে ঢাকায় শুরু হয়েছে যৌথ নদী কমিশনের (জেআরসি) সচিব পর্যায়ের বৈঠক। রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় দুই দিনের আলোচনায় বাংলাদেশের ১২ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন পানিসম্পদ-সচিব শেখ মো. ওয়াহিদ-উজ-জামান ও ভারতের সাত সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন সে দেশের পানিসম্পদ-সচিব উমেশ নারায়ণ পাঁজিয়ার। প্রথম দিনের বৈঠকের মধ্যাহ্ন বিরতিতে উমেশ নারায়ণ পাঁজিয়ার সাংবাদিকদের বলেন, ‘আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হবে বলেই আমরা আশা করছি।’ তাঁর মতকে সমর্থন জানিয়ে ওয়াহিদ-উজ-জামান বলেন, ‘বৈঠকে ইতিবাচক অগ্রগতি হবে বলে আমরা আশাবাদী।’ দীর্ঘ দুই বছরেরও বেশি সময়ের বিরতির পর জেআরসির সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠানকে তিনি ইতিবাচক অগ্রগতির সূচনা হিসেবে অভিহিত করেছেন। ঢাকার আলোচনায় তিস্তার পানি বণ্টনে চুক্তি সই হবে কি না জানতে চাইলে পাঁজিয়ার বলেন, ‘আমাদের পর্যায়ে চুক্তি সইয়ের কোনো সুযোগ নেই। এ ধরনের চুক্তি সই হয়ে থাকে জেআরসির মন্ত্রী পর্যায়ের বৈঠকে। আমরা চুক্তি সইয়ের ক্ষেত্র তৈরির জন্য আলোচনায় বসেছি। তা ছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরের আলোচনার ক্ষেত্র তৈরি করাও আমাদের বৈঠকের অংশ।’ওয়াহিদ-উজ-জামান বলেন, ‘পরিস্থিতি ইতিবাচকভাবে এগোচ্ছে। তাই তিস্তা চুক্তি সইয়ের ব্যাপারে আমরা ইতিবাচক ফলাফল দেখতে পাব।’অভিন্ন নদীর পানি বণ্টনে বাংলাদেশের উদ্বেগের ব্যাপারে ভারত কতটা আন্তরিক প্রশ্ন করা হলে উমেশ নারায়ণ পাঁজিয়ার বলেন, ‘এ ব্যাপারে আমাদের আন্তরিকতা আছে। বাংলাদেশের সব ধরনের উদ্বেগ আমরা নিবিড়ভাবে বিবেচনা করব।’ বাংলাদেশের পানিসম্পদ-সচিব জানান, তিস্তার পানি বণ্টন ছাড়াও ইছামতী নদী পুনঃখনন, ফেনী নদীর পানি ব্যবহার করে সেচ প্রকল্প ও ভারতের জনগণের সুপেয় পানি সরবরাহের জন্য প্রকল্প গ্রহণ, ইছামতী নদী পুনঃখনন, নদীর ভাঙন রোধে প্রকল্প বাস্তবায়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হচ্ছে। পানিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ প্রতিবেদককে জানান, তিস্তার পানি বণ্টন চুক্তি সইয়ের ব্যাপারে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ জোর তত্পরতা চালাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন দিল্লি সফরের সময় বাংলাদেশ সুস্পষ্ট ঘোষণা আশা করছে। এরই অংশ হিসেবে গত ডিসেম্বরে তিস্তা পানি বণ্টন চুক্তির একটি খসড়া ভারতের কাছে দিয়েছে বাংলাদেশ। চুক্তির খসড়ার ব্যাপারে ভারতের মনোভাব কী জানতে চাইলে সরকারের উচ্চপর্যায়ের একটি সূত্র জানায়, বাংলাদেশ কোন পদ্ধতিতে তিস্তার পানি ভাগাভাগি করতে চায়, সেটা ভারত এর মধ্যেই জেনেছে। এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে ইতিবাচক মনোভাব জানানো হয়েছে। প্রতিবেশী দুই দেশের পানিসম্পদ-সচিবদের দুই দিনের আলোচনা আজ মঙ্গলবার শেষ হবে। এর আগে জেআরসির সচিব পর্যায়ের বৈঠক ২০০৭ সালের আগস্টে দিল্লিতে শেষবার অনুষ্ঠিত হয়েছিল।