জেআরসির মন্ত্রী পর্যায়ের বৈঠকে তিস্তার পানি বণ্টন প্রাধান্য পাবে
ভারতের নয়াদিল্লিতে ১৮ মার্চ বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের (জেআরসি) মন্ত্রী পর্যায়ের বৈঠক বসছে। বৈঠকে তিস্তাসহ অভিন্ন নদীর পানি বণ্টনের বিষয় নিয়ে আলোচনা হবে। দীর্ঘ সাড়ে চার বছর পর অনুষ্ঠেয় তিন দিনের ওই বৈঠকে তিস্তার পানি বণ্টনে একটি চুক্তি সইয়ের বিষয় প্রাধান্য পাবে। দীর্ঘমেয়াদি চুক্তি না হলে বাংলাদেশ অন্তত অন্তর্বর্তীকালীন চুক্তি সই করতেও রাজি আছে।পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন গতকাল রোববার প্রথম আলোকে জানান, ভারতের পানিসম্পদমন্ত্রী পবন কুমার বানসালের সঙ্গে ১৮ থেকে ২০ মার্চ বৈঠক হবে। ওই আলোচনায় বাংলাদেশ তিস্তার পানি বণ্টনে চুক্তি সইয়ের বিষয় অগ্রাধিকার দেবে।গত ১১ জানুয়ারি নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এ বৈঠক হতে যাচ্ছে। দুই দেশের প্রধানমন্ত্রীদ্বয়ের বৈঠকে সিদ্ধান্ত হয়, দুই দেশের মানুষের দুর্দশা কমাতে তিস্তার পানি বণ্টন-সমস্যার সমাধানে মার্চের মধ্যে পানিসম্পদমন্ত্রীরা আলোচনায় বসবেন।চুক্তি সইয়ের ব্যাপারে কতটা আশাবাদী জানতে চাইলে পানিসম্পদমন্ত্রী বলেন, ‘তিস্তার পানি বণ্টনে চুক্তি সইয়ের জন্য ইতিমধ্যে আমরা ভারতের কাছে একটি খসড়া প্রস্তাব পাঠিয়েছি। তারা মনে করে, চুক্তি সই হওয়া উচিত। এ প্রেক্ষাপটে চুক্তি সইয়ের ব্যাপারে আমরা আশাবাদী।’দীর্ঘমেয়াদি চুক্তি হবে কি না প্রশ্নের উত্তরে রমেশ চন্দ্র সেন বলেন, ‘যৌথ প্রবাহ সমীক্ষা শেষে চুক্তি সইয়ের ব্যাপারে যা বলা হয়েছে, তাতে এটি একটি দীর্ঘ প্রক্রিয়া এবং সময়সাপেক্ষ। তাই আমরা চাই, অন্তর্বর্তীকালীন হলেও একটি চুক্তি সই হোক।’পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব শেখ ওয়াহিদ-উজ-জামান জানান, জেআরসির মন্ত্রী পর্যায়ের বৈঠকের আগের দিন ১৭ মার্চ দুই দেশের পানিসম্পদসচিবদের বৈঠক হবে। পররাষ্ট্র ও পানিসম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কয়েক বছর বিরতির পর দিল্লিতে ১৮ মার্চ থেকে অনুষ্ঠেয় জেআরসির বৈঠকে দীর্ঘমেয়াদি চুক্তির বিষয়ে আলোচনা হবে। এ ব্যাপারে মতৈক্য না হলে অন্তর্বর্তীকালীন চুক্তি সইয়ের প্রস্তাব দেবে বাংলাদেশ।এর আগে গত ৪-৫ জানুয়ারি ঢাকায় জেআরসির সচিব পর্যায়ের বৈঠক হয়। বৈঠক শেষে বাংলাদেশের পানিসম্পদসচিব ওয়াহিদ-উজ-জামান ও ভারতের পানিসম্পদসচিব উমেশ নারায়ণ পাঁজিয়ার সাংবাদিকদের জানিয়েছিলেন, তিস্তার পানি বণ্টন চুক্তি সইয়ের খুঁটিনাটি বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে মতপার্থক্য কমেছে।দিল্লির কূটনৈতিক সূত্রে জানা গেছে, যে পদ্ধতিতে পানির হিস্যা নির্ধারণ করে তিস্তার পানি বণ্টনে বাংলাদেশ চুক্তি সই করতে চায়, তাতে এখনই রাজি নয় ভারত। এ চুক্তিতে নদীর ২০ শতাংশ পানি স্বাভাবিক প্রবাহের জন্য রেখে বাকি ৮০ শতাংশ সমান দুই ভাগে ভাগ করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। নয়াদিল্লি মনে করে, বাংলাদেশের প্রস্তাবে সায় দেওয়ার আগে বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করা উচিত।