জেআরসির সচিব পর্যায়ের বৈঠক আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিন্ন নদীর পানি বণ্টন ও ব্যবস্থাপনার বিষয়ে আলোচনার জন্য আজ সোমবার থেকে ঢাকায় শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের (জেআরসি) সচিব পর্যায়ের বৈঠক। রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় অনুষ্ঠেয় দুই দিনের আলোচনায় বাংলাদেশের ১২ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পানিসম্পদ-সচিব শেখ মো. ওয়াহিদ-উজ-জামান। ভারতের পানিসম্পদ-সচিব উমেশ নারায়ণ পাঁজিয়ার সে দেশের নয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। পররাষ্ট্র ও পানিসম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দুই বছরেরও বেশি সময় পর অনুষ্ঠেয় এ বৈঠকে দুই দেশের ওপর দিয়ে প্রবাহিত নদীগুলোর বিষয়ে আলোচনা হওয়ার কথা থাকলেও তিস্তার পানি বণ্টনের বিষয়টি প্রাধান্য পাবে। আগামী ১০ জানুয়ারি থেকে দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের সময় তিস্তা নদীর পানি বণ্টন বিষয়ে একটি চুক্তিতে পৌঁছাতে চাইছে বাংলাদেশ। বাংলাদেশ ও ভারতের পানিসম্পদ-সচিবদের শেষ বৈঠকটি ২০০৭ সালের আগস্টে দিল্লিতে অনুষ্ঠিত হয়। পানিসম্পদ-সচিব শেখ মো. ওয়াহিদ-উজ-জামান গতকাল রোববার প্রথম আলোকে বলেন, তিস্তা, ধরলা, দুধকুমার, মনু, মহুরী, খোয়াই ও গোমতী—এ সাতটি নদীর পানি বণ্টন ও ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হবে। এ ছাড়া আলোচনা হবে অন্য কয়েকটি অভিন্ন নদীর ভাঙন রোধ, ইছামতী নদীর ড্রেজিং, ফেনী নদী থেকে ভারতের পানি প্রত্যাহারসহ পানি ব্যবস্থাপনার বিষয়ে বিভিন্ন বিষয়। এদিকে ভারতের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক হিন্দুস্তান টাইমস-এর বরাত দিয়ে আমাদের নয়াদিল্লি প্রতিনিধি গতকাল জানান, ভারত তিস্তা নদীর পানি বিষয়ে বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে অভিন্ন নদীর বিষয়ে কোনো আলোচনা করবে না। গত ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিত জেআরসির কারিগরি বৈঠকে অংশ নেওয়া ভারতীয় কর্মকর্তার বরাত দিয়ে পত্রিকাটি এ খবর ছেপেছে।