তুরাগ নদ দূষণের দায়ে গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর দক্ষিণ নয়াপাড়া এলাকার জেএম ফেব্রিকস লিমিটেড নামের একটি ডায়িং কারখানাকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার পরিবেশ অধিদপ্তর থেকে অভিযান পরিচালনাকালে এই জরিমানা করা হয়।পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, সকালে জেএম ফেব্রিকস লিমিটেড নামের কারখানায় অভিযান পরিচালনার সময় দেখা যায়, প্রতিষ্ঠানটির ইটিপি থাকা সত্ত্বেও এখানকার তরল বর্জ্য নির্গত হয়ে তুরাগ নদে মিশছে। এতে কারখানার ব্যবস্থাপনা পরিচালক আজিজুর রহিম চৌধুরীকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া আগামী এক মাসের মধ্যে বর্জ্য পরিশোধন প্লান্টের (ইটিপি) ত্রুটি সংশোধনের সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে ইটিপির ত্রুটি সংশোধন করা না হলে গ্যাস, বিদ্যুৎ ও পানি সরবরাহের সংযোগ বিচ্ছিন্ন করে কারখানা বন্ধ করে দেওয়ার সতর্কীকরণ নোটিশ দেওয়া হয়েছে। কারখানার মালিকের কাছ থেকে এই মর্মে লিখিত অঙ্গীকারনামাও নেওয়া হয়েছে।অভিযান পরিচালনাকারী পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী জানান, গতকালই জরিমানার অর্থ আদায় করা হয়েছে। এ ছাড়া কারখানার মালিকের কাছ থেকে অঙ্গীকারনামা নেওয়ার বিষয়টিও নিশ্চিত করেন তিনি।