জেএমআই হাসপাতালের চেয়ারম্যান রাজ্জাকের জামিন
নকল এন ৯৫ মাস্ক ও নিম্ন মানের চিকিৎসাসরঞ্জাম কেনার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার জেএমআই হাসপাতাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের চেয়ারম্যান মো. আবদুর রাজ্জাকের জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েশ এই আদেশ দেন।
প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন দুদকের কৌঁসুলি মীর আবদুস সালাম। তিনি বলেন, এই মামলায় জেএমআই গ্রুপের মালিক রাজ্জাকের পক্ষে জামিন চেয়ে আদালতের কাছে আবেদন করা হয়। দুদকের পক্ষ থেকে জামিনের বিরুদ্ধে আদালতের কাছে যুক্তি তুলে ধরা হয়। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে রাজ্জাকের জামিন মঞ্জুর করেন।
দুদকের পিপি আবদুস সালাম জানান, এই মামলায় রাজ্জাকের জামিন আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করবেন। এই মামলায় গত ২৯ সেপ্টেম্বর রাজ্জাককে গ্রেপ্তার করে দুদক। পরে আদালতের অনুমতি নিয়ে রাজ্জাককে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়।
কোভিড-১৯–এর চিকিৎসার সরঞ্জাম কেনায় দুর্নীতির অভিযোগের তদন্তে জুলাই মাসে আবদুর রাজ্জাককে তলব করে জিজ্ঞাসাবাদ করে দুদক। তিনিসহ আরও কয়েকজনকে তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়।