জেএমবি আসামি ছিনতাই, আল-কায়েদার তৎপরতার ইঙ্গিত: কামরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্যমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বলেছেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন জেএমবি সদস্যকে যেভাবে সন্ত্রাসীরা ছিনতাই করে নিয়ে গেছে, তা আল-কায়েদার এজেন্টদের তৎপরতার ইঙ্গিত দেয়। মনে হচ্ছে জঙ্গিরা আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। 

আজ রোববার রাজধানীর খিলগাঁও জোড়পুকুর মাঠে খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানা আওয়ামী লীগসহ সাতটি ওয়ার্ড এবং তিনটি ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলনে কামরুল এসব কথা বলেন।

কামরুল বলেন, ‘জামায়াত-হেফাজত আল-কায়েদার এজেন্ট আর বিএনপি তাদের ভাবশিষ্য। বঙ্গবন্ধুর হত্যার মধ্য দিয়ে এই দলটির জন্ম। এরা সব হত্যাকাণ্ড চালিয়েছে। এদের ভাষা ও অবয়ব সবই এক। তবে বাংলাদেশকে কোনো অবস্থাতেই তালেবানি রাষ্ট্র বানাতে দেওয়া হবে না।’ এ সময় এদের রুখে দিতে সংগঠনকে শক্তিশালী করে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘বিএনপিকে ভয় করি না। আমরা জনগণকে ভয় পাই। আমরা যদি ভুল করি তবে জনগণ আমাদের ক্ষমা করবে না। যারা আন্দোলন করতে ভয় পায়, আমরা তাদের ভয় করি না।’

খালেদা জিয়াকে উদ্দেশ করে মোহাম্মদ নাসিম বলেন, ‘আমরা যা বলেছি তাই করেছি, আপনি (খালেদা) কী বললেন না বললেন তাতে কিছু আসে যায় না। কারণ আপনি এখন আর বিরোধীদলীয় নেতা নন। ভয় দেখিয়ে, মানুষ হত্যা করে নির্বাচন বানচাল করতে চেয়েছিলেন। কিন্তু আল্লাহর রহমতে তা পারেননি।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচন করে আমরা ক্ষমতায় এসেছি, পাঁচ বছরই ক্ষমতায় থাকব। আপনি এখন বিরোধীদলীয় নেতা নন—বিএনপির নেত্রী। বিএনপি প্রথম খেলায় হেরে গেছে। খালেদা জিয়া নিজের পায়ে নিজে কুড়াল মেরেছেন। তাদের হুংকারে কিছুই হবে না, জয় আমাদের হবেই। আগামী দিনে বিএনপি-জামায়াত রাস্তায় নামতে পারবে না।’

সামনে কঠিন দিন উল্লেখ করে ত্রাণ ও দুর্যোগমন্ত্রী এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, ‘খালেদা জিয়া চুপ করে আছে। বসে বসে গভীর ষড়যন্ত্র করছে। সুযোগ পেলেই ছোবল মারবে। সুযোগ কিন্তু দেওয়া যাবে না।’

খিলগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি আলমগীর চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন স্থানীয় সাংসদ সাবের হোসেন চৌধুরী, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, মুকুল চৌধুরী প্রমুখ।