জেএমবি কমান্ডার এরশাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) চট্টগ্রাম জেলার কমান্ডার এরশাদ হোসেন (২০) ওরফে মামুনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম নুরে আলম ভুঁইয়া শুনানি শেষে এ আদেশ দেন। এরশাদ হোসেনকে টাস্কফোর্স ইন্টারোগেশন সেলে (টিএফআই) জিজ্ঞাসাবাদের জন্য আগামীকাল বুধবার ঢাকায় পাঠানো হতে পারে বলে জানিয়েছে পুলিশ।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান জানান, নগরের আকবর শাহ থানায় দায়ের হওয়া সন্ত্রাস দমন আইনের মামলায় গ্রেপ্তার এরশাদ হোসেনকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ বলেন, রিমান্ড মঞ্জুর হওয়ার পর এরশাদকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পুলিশকে অনেক তথ্য দিয়েছেন। রিমান্ডে তাঁকে আরও ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা হবে।
গতকাল সোমবার সকালে চট্টগ্রামের নিউ মনসুরাবাদ বাগানবাড়ি আবাসিক এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে এরাশদ হোসেনকে পুলিশ আটক করে। এ ঘটনায় গতকাল রাতে আকবর শাহ থানার উপপরিদর্শক (এসআই) শহীদের রহমান বাদী হয়ে সন্ত্রাস দমন ও বিস্ফোরক আইনে মামলা করেন। মামলায় এরশাদের সহযোগী মো. ফুয়াদের নাম উল্লেখ করে ও অজ্ঞাত দুই থেকে তিনজনকে আসামি করা হয়।