জেএমবি, জামায়াত-শিবিরসহ গ্রেপ্তার ১২

সিরাজগঞ্জে জামায়াত-শিবিরের দুই নেতা ও নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্য, কুড়িগ্রামে শিবিরের চার কর্মী, রংপুরে শিবিরের তিন কর্মী, নওগাঁর আত্রাইয়ে জেএমবির এক সদস্য এবং নীলফামারীতে ছাত্রদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত রোববার রাত থেকে গতকাল সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। ঢাকার বাইরে প্রথম আলোর আঞ্চলিক কার্যালয়, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সিরাজগঞ্জ: উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কউসিক আহমেদ বলেন, উপজেলা জামায়াতের সাবেক আিমর উল্লাপাড়া কামিল মাদ্রাসার শিক্ষক নজরুল ইসলামের বিরুদ্ধে থানায় সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের একাধিক মামলা রয়েছে। রোববার রাতে পৌর শহরের ঝিকিড়া মহল্লায় তাঁর বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এনায়েতপুর থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস বলেন, চৌহালী উপজেলার এনায়েতপুর থানা ছাত্রশিবিরের সভাপতি আল-ইমরানকে গতকাল সকালে সৈয়দপুর গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে বিস্ফোরক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
জেলা ডিবি পুলিশের ওসি মোহাম্মদ ওহেদুজ্জামান বলেন, গতকাল সকালে তাড়াশ উপজেলার মাদ্রাসাপাড়া বাজার এলাকা থেকে আতাউল হক ওরফে বাহাদুর হোসেন নামের এক ব্যক্তিকে জিহাদি বই, লিফলেটসহ গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জেএমবির সদস্য বলে স্বীকার করেছেন।
কুড়িগ্রাম: কুড়িগ্রাম থানার ওসি মো. জমির উদ্দিন বলেন, সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করায় কুড়িগ্রাম সরকারি কলেজ চত্বর থেকে গতকাল দুপুরে বাংলা বিভাগের ছাত্র শিবিরের কর্মী নুর আলমক আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তর কামারপাড়ার তৌহিদ ছাত্রাবাসে গিয়ে বৈঠক করা অবস্থায় তাঁর তিন সঙ্গী গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আজিজার রহমান, হিসাববিজ্ঞান বিভাগের শেষ বর্ষের ছাত্র শাহ জামাল ও পদার্থবিজ্ঞান প্রথম বর্ষের ছাত্র রিপন মিয়াকে গ্রেপ্তার করা হয়। চারজনই শিবিরের কর্মী এবং নাশকতার মামলার পরোয়ানাভুক্ত আসামি। তাঁদের মধ্যে নুর আলমকে জেএমবির সদস্য সন্দেহে রিমান্ড চাওয়া হয়েছে।
রংপুর: জেলার মিঠাপুকুর থানার ওসি হুমায়ুন কবির বলেন, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শিবিরের তিন কর্মী উপজেলার জয়রামপুর গ্রামের ওমর ফারুক (৩২), উপজেলার চিতলী দক্ষিণপাড়া গ্রামের আবু তাহের (৩৮) এবং উপজেলার জয়ন্তিপুর গ্রামের আশিকুর রহমানকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা নাশকতা ও চলন্ত বাসে পেট্রলবোমা হামলা মামলার আসামি।
আদমদীঘি (বগুড়া): নওগাঁর আত্রাই থানার ওসি বদরুদোজ্জা বলেন, রোববার রাতে উপজেলার ভবানীপুর বাজার এলাকা থেকে জেএমবি সদস্য আবদুল জলিলকে গ্রেপ্তার করা হয়। গতকাল তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে।
নীলফামারী: জেলার সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হারিছ উদ্দীন বলেন, ২০১৩ সালের ৯ এপ্রিল বিএনপির ডাকা হরতালের সমর্থনে বের করা মিছিল থেকে পুলিশের ওপর হামলা চালানো হয়। ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি জেলা ছাত্রদলের আহ্বায়ক মোর্শেদ আজমকে গতকাল দুপুরে জেলা শহরের এবাদত প্লাজার সামনে থেকে গ্রেপ্তার করা হয়।