জেএমবি নিয়ে ঢাকার সতর্কবার্তা আমলে নেয়নি দিল্লি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) অবস্থান নিয়ে এক বছর আগেই দিল্লিকে জানিয়েছিল ঢাকা। তবে বাংলাদেশের সেই সতর্কতা কেন্দ্রীয় বা পশ্চিমবঙ্গ সরকার কেউ-ই আমলে নেয়নি। গতকাল বুধবার ভারতের টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। 
ভারতের নিরাপত্তা সংস্থার সূত্র উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তিদের রায় ঘোষণার শুরু থেকেই পশ্চিমবঙ্গে জেএমবি আস্তানা গাড়তে থাকে।
প্রতিবেদনে বলা হয়, ২০০৬ সাল থেকেই জেএমবি পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্তসংলগ্ন জেলাগুলোতে প্রভাব বাড়ায়। তবে গত কয়েক বছরে সংগঠনটি ব্যাপকহারে তাদের লোকবল জোগাড় করতে থাকে।
ভারতের নিরাপত্তা সংস্থার এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, রাজনৈতিক কারণে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাংলাদেশের সতর্কতাকে পাশ কাটিয়ে গেছে। আবার কেন্দ্রীয় সরকারও বাংলাদেশের দেওয়া তথ্য পশ্চিমবঙ্গ সরকারকে পাঠিয়ে দিয়েই তাদের দায়িত্ব সেরেছে। বর্ধমানে বোমা বিস্ফোরণের ঘটনার পর যেভাবে তোড়জোড় শুরু হয়েছে, আগে তা দেখা যায়নি।
প্রতিবেদনে দাবি করা হয়, মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের রায়ের পর থেকে বাংলাদেশ মৌলবাদী শক্তির বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করে। সেখানকার জঙ্গিরা এরপর পশ্চিমবঙ্গে নিরাপদ আস্তানা গড়ে তোলে।