ঝালকাঠির দুই বিচারক হত্যা মামলায় জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) নেতা আসাদুল ইসলাম ওরফে আরিফের ফাঁসি কার্যকর হয়েছে। গতকাল রোববার রাত ১০টা ৩০ মিনিটে খুলনা জেলা কারাগারে তাঁর ফাঁসি কার্যকর করা হয়। ওই কারাগারের তত্ত্বাবধায়ক কামরুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে একই মামলায় ২০০৭ সালের ২৯ মার্চ দেশের বিভিন্ন কারাগারে ছয় জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আরিফের ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে এই মামলায় ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত সব আসামির মৃত্যুদণ্ড কার্যকর হলো।
কারাগার সূত্র জানায়, খুলনা কারাগারে এক যুগ পর কোনো ফাঁসি কার্যকর হয়েছে। সর্বশেষ ২০০৪ সালের ১০ মে এখানে এরশাদ শিকদারের ফাঁসি কার্যকর করা হয়। আরিফ ২০০৮ সাল থেকে এই কারাগারে ছিলেন।
২০০৫ সালের ১৪ নভেম্বর ঝালকাঠিতে জেলা জজ আদালতে যাওয়ার পথে দুই বিচারককে বহনকারী মাইক্রোবাসে বোমা হামলা চালায় জেএমবির জঙ্গিরা। এতে ঘটনাস্থলেই মারা যান জ্যেষ্ঠ সহকারী জজ সোহেল আহম্মেদ। বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান জ্যেষ্ঠ সহকারী জজ জগন্নাথ পাঁড়ে। আহত অবস্থায় ধরা পড়েন হামলাকারী জেএমবির সদস্য ইফতেখার হাসান আল মামুন।
এরপর জেএমবির শীর্ষ নেতারা একে একে আটক হন। জঙ্গিদের ঝালকাঠিতে এনে জেলা জজ আদালতে চাঞ্চল্যকর এ মামলার বিচারকাজ চলে। আদালত ২০০৬ সালের ২৯ মে সাতজনকে ফাঁসির আদেশ দেন। ২০০৭ সালের ২৯ মার্চ দেশের বিভিন্ন কারাগারে ছয় জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকর হয়।
ছয় শীর্ষ জঙ্গির ফাঁসি কার্যকর হওয়ার পর ২০০৭ সালের ১০ জুলাই এ মামলার আসামি আরিফকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করা হয়। ওই বছর জুলাই মাসে হাইকোর্টে আপিল করেন তিনি। শুনানি শেষে হাইকোর্ট তাঁর মৃত্যুদণ্ড বহাল রাখেন। পরে আপিল বিভাগেও একই সাজা বহাল থাকে।
আপিল বিভাগের দেওয়া মৃত্যুদণ্ড বহালের রায় পুনর্বিবেচনার জন্য আরিফ যে আবেদন করেছিলেন, গত ২৮ আগস্ট প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চ তা খারিজ করেন।