জয়পুরহাটে তিন গ্রামপুলিশ হত্যা মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে। এতে জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) নেতা মনতেজার রহমানসহ ১৪ জনকে অভিযুক্ত করা হয়েছে।আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক নজরুল ইসলাম গত ১৬ জুলাই জয়পুরহাট বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।নজরুল ইসলাম জানান, অভিযোগপত্রে জঙ্গি নেতা মনতেজার রহমানকে ১১ নম্বর আসামি করা হয়েছে। অভিযুক্ত আসামিদের মধ্যে ১০ জন জামিনে আছেন। তিনজন পলাতক ও সারা দেশে বোমা হামলার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মনতেজার কারাগারে আছেন।অভিযোগপত্রে বলা হয়েছে, ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় চুরি-ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রশিদ গ্রামপুলিশের মাধ্যমে এলাকার কামরুজ্জামান এবং শাহাদতকে ধরে এনে শাসন করেন এবং তিন হাজার টাকা জরিমানা করেন। এতে ক্ষুব্ধ হয়ে কামরুজ্জামান ও শাহাদতের নেতৃত্বে আসামিরা তিন গ্রামপুলিশকে জবাই করে হত্যা করেন।অভিযোগপত্রের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে মামলার বাদী সাজেদা বেওয়া বলেন, ‘মানুষের মুখে শুনেছি অভিযোগপত্র দেওয়া হয়েছে। আর কিছু জানি না।’২০০৬ সালের ১৩ ডিসেম্বর রাতে ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের ইটাখোলা-গোপীনাথপুর রাস্তায় পাহারা দেওয়ার সময় গ্রামপুলিশ আবদুল জলিল, রইচ উদ্দিন ও বাচ্চু মণ্ডলকে সন্ত্রাসীরা জবাই করে হত্যা করে। এ ঘটনায় আবদুল জলিলের স্ত্রী সাজেদা বেওয়া পরদিন ক্ষেতলাল থানায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।প্রথম দিকে মামলাটি তদন্ত শুরু করেন ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদ সরোওয়ার্দী ও লুৎফর রহমান। পরে জয়পুরহাটের পুলিশ সুপারের নির্দেশে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) এসআই শামসুল হক তদন্তের দায়িত্ব নেন। শামসুল হক বদলি হওয়ার পর আবার হাতবদল হয়ে তদন্তভার পড়ে ডিবির আরেক পরিদর্শক রুহুল আমিনের ওপর। তদন্তের কোনো কূলকিনারা করতে না পেরে রুহুল আমিন ২০০৮ সালের ১৯ নভেম্বর মামলার চূড়ান্ত প্রতিবেদন দিয়ে দেন।এরপর মামলার বাদী সাজেদা বেওয়া পুনঃ তদন্তের আবেদন করলে আদালত সিআইডিকে মামলাটি পুনঃ তদন্তের নির্দেশ দেন। তদন্ত শেষে সিআইডি পরিদর্শক নজরুল ইসলাম গত ১৬ জুলাই জয়পুরহাট মুখ্য বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।