জেএমবি নেতা শায়খুলের সাত বছর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এহসার সদস্য শায়খুল ইসলাম ওরফে রাকিব ওরফে মুয়াজকে (৩৯) সাত বছর সশ্রম কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও চার মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। চুয়াডাঙ্গা মুখ্য বিচারিক হাকিম এ বি এম মাহমুদুল হক গতকাল মঙ্গলবার দুপুরে আসামির উপস্থিতিতে এই রায় দেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলা চালায় জেএমবি। ওই দিন চুয়াডাঙ্গা শহরের কোর্ট মোড়, সদর থানা, জেলা তথ্য অফিস, রেলস্টেশন, মাছপট্টিতে বোমা বিস্ফোরণ ঘটে। জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে পুলিশ একটি তাজা বোমা ও শহরের বিভিন্ন স্থান থেকে জেএমবির প্রচারপত্র উদ্ধার করে। ওই ঘটনায় চুয়াডাঙ্গা থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) আবদুল মোতালেব অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তদের আসামি করে দণ্ডবিধির ৩২৬/৩০৭/৩৪ ধারায় চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করেন।
মামলার তদন্ত শেষে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) এস এম কামরুজ্জামান খান ২০০৭ সালের ৮ মার্চ শায়খুল ইসলাম ওরফে রাকিব ওরফে মুয়াজ ও খুলনা বিভাগীয় প্রধান রকিব হাসান ওরফে হাফেজ মাহমুদকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। একটি মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি রকিব হাসান ওরফে হাফেজ মাহমুদ ২০১৪ সালের ২৩ ফেব্রুয়ারি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে পালানোর পরদিনই ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।