জেএমবি নেতা সাইদুরসহ তিনজনের ৭ বছরের কারাদণ্ড

ঢাকার কদমতলী থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) শীর্ষ নেতা মাওলানা সাইদুর রহমানসহ তিন জনের ৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ-৬ এর বিচারক এ এম ইমরুল কায়েশ এ আদেশ দেন।
ওই আদালতের পেশকার হেলাল উদ্দিন প্রথম আলোকে বলেন, সাইদুর রহমানকে আজ কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার অপর দুই আসামী পলাতক আছেন।
এ মামলায় সাইদুর ছাড়া অপর দুই আসামি হলেন, আবদুল্লাহেল কাফী ও আয়েশা আক্তার। গত ১৮ মে মামলার যুক্তিতর্ক শুনানি শেষে রায় ঘোষণার দিন ধার্য করেন আদালত।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১০ সালের ২৫ মে কদমতলী থানার দনিয়া এলাকার একটি বাসায় আসামিদের কাছ থেকে নিষিদ্ধ জঙ্গি বই ও প্রচারপত্র উদ্ধার করে পুলিশ। পরে মাওলানা সাইদুর রহমানসহ তাঁর সংগঠনের তিন সক্রিয় সদস্যের বিরুদ্ধে রাজধানীর কদমতলি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়। এই মামলায় গত ১২ ফেব্রুয়ারি মাওলানা সাইদুরসহ তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।