জেএমবি নেতা সাইদুরসহ পাঁচ আসামিকে আদালতে হাজির
২০০৫ সালের ১৩ আগস্ট সারা দেশে সিরিজ বোমা হামলা মামলায় জেএমবির আমির মাওলানা সাইদুর রহমানসহ পাঁচ আসামিকে গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জের আদালতে হাজির করা হয়। তবে একজন আসামি অনুপস্থিত থাকায় বিচারক গতকাল মামলার সাক্ষ্য গ্রহণ করেননি।গতকাল আদালতে হাজির হওয়া অপর আসামিরা হলেন: সাইদুর রহমানের ছেলে বাহুবল উপজেলার খুজারগাও গ্রামের এ এইচ এম শামীম (২২), জয়পুরহাটের বানিয়াপাড়া গ্রামের বেলাল হোসেন ওরফে তামীম (২১), খুলনার পাইকগাছা উপজেলার বানিয়া গ্রামের আজিজুল ইসলাম (৩০) ও ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাঁঠালরাজবাড়ী গ্রামের হাফেজ হুজাইফা আরিফে ওবায়দুল্লাহ (২৮)। গতকাল বেলা ১১টায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে হবিগঞ্জ যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফারুক আহমেদের আদালতে আসামিদের হাজির করা হয়। তবে একই মামলার অপর একজন আসামি ঢাকার একটি কারাগারে অবস্থান করায় তাঁকে গতকাল আদালতে হাজির করা হয়নি। এ কারণে আদালত ওই মামলার সাক্ষ্য গ্রহণ থেকে বিরত থাকেন। তাই মামলার কার্যক্রম শুরুর ২০ মিনিট পরই আগামী ২১ মার্চ পরবর্তী তারিখ নির্ধারণ করে আসামিদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।২০০৫ সালের ১৩ আগস্ট হবিগঞ্জের পাঁচটি স্থানসহ সারা দেশে সিরিজ বোমা হামলা চালানো হয়। এ ঘটনায় সদর থানার তৎকালীন এসআই মাহমুদুল করিম বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে এই পাঁচজনসহ মোট সাতজনের বিরুদ্ধে আদালতে পৃথক প্রতিবেদন দাখিল করা হয়।