জেএমবি নেতা সাইদুরসহ ৩ জনের সাড়ে ৭ বছর দণ্ড
সন্ত্রাসবিরোধী আইনে করা এক মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) শীর্ষ নেতা মাওলানা সাইদুর রহমানসহ তিনজনকে সাড়ে সাত বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। এর মধ্যে একটি ধারায় সাত বছর ও আরেকটি ধারায় ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
গতকাল বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ-৬-এর বিচারক ইমরুল কায়েস এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে আদালত দণ্ডাদেশপ্রাপ্ত প্রত্যেক আসামিকে প্রতি ধারায় ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করেন। দণ্ডাদেশপ্রাপ্ত পলাতক দুই আসামি হলেন আবদুল্লাহেল কাফী ও সাইদুরের স্ত্রী আয়েশা আক্তার। রায় ঘোষণার আগে সাইদুর রহমানকে আদালতে হাজির করা হয়।
সাইদুরের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে কদমতলী থানা, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় আরও মামলা রয়েছে। এর আগে একটি মামলায় সাইদুরের ২০ বছরের কারাদণ্ড হয়।
গতকাল রায়ে বলা হয়, রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্ত্রাসবিরোধী আইনের ৯ ধারা অর্থাৎ নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচার চালানোর অপরাধ প্রমাণে সক্ষম হওয়ায় প্রত্যেক আসামিকে সাত বছরের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সাজা দেওয়া হলো। এ ছাড়া এই আইনের ৮ ধারা অর্থাৎ নিষিদ্ধ সংগঠনের সদস্য হওয়ার অপরাধে প্রত্যেক আসামিকে ছয় মাসের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক মাস কারাদণ্ড ভোগ করতে হবে। আর ১০ ধারার অর্থাৎ রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অপরাধ প্রমাণে রাষ্ট্রপক্ষ সক্ষম না হওয়ায় আদালত ওই অভিযোগ থেকে তাঁদের খালাস দেন।
রায়ের পর্যবেক্ষণে বলা হয়, আসামিরা মানুষকে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছেন।
সংশ্লিষ্ট আদালতের সরকারি কৌঁসুলি কাজী জাহাঙ্গীর হোসেন রায়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, পলাতক দুই আসামি গ্রেপ্তারের পর তাঁদের বিরুদ্ধে এ রায় কার্যকর হবে।
আদালত সূত্র বলেছে, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় অভিযোগপত্র আমলে নেওয়ার আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নেওয়ার বাধ্যবাধকতা থাকলেও এ মামলায় তা না নিয়ে বিচারকাজ শুরু করা হয়েছিল। পরে তা আদালতের নজরে এলে অনুমোদনের জন্য ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর নথিপত্র পাঠানো হয় মন্ত্রণালয়ে। গত বছর ২৬ আগস্ট মন্ত্রণালয় অনুমোদন দেওয়ার পর চলতি বছরের ৪ জানুয়ারি অভিযোগপত্র আমলে নেন আদালত। রাষ্ট্রপক্ষ ১৫ জন সাক্ষী উপস্থাপন করে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১০ সালের ২৫ মে রাজধানীর দনিয়ার একটি বাড়ি থেকে সাইদুর, তাঁর স্ত্রীসহ তিনজনকে আটক করে পুলিশ। তাঁদের কাছ থেকে উগ্র মতবাদের বই ও সরকারবিরোধী প্রকাশনার কাগজপত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় কদমতলী থানায় সন্ত্রাসবিরোধী আইনে এ মামলা করে পুলিশ।