জেএমবি প্রধান সাঈদুরের বিচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নতুন করে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) প্রধান মাওলানা সাঈদুর রহমানের বিচার শুরু হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা এ মামলায় সাঈদুরসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

ওই আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল প্রথম আলোকে বলেন, মামলার অপর দুই আসামি হলেন জেএমবির সদস্য সাঈদুরের স্ত্রী আয়েশা আক্তার ও আবদুল্লাহ হেল কাফী। আগামী ১৪ মার্চ মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করা হয়েছে। বিচারের জন্য মামলাটি ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতে বদলির আদেশ দেওয়া হয়েছে।

মাওলানা সাঈদুর ২০১০ সালের ২৫ মে গ্রেপ্তার হন। সেই থেকে তিনি কারাগারে আছেন।

সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ২০১০ সালের ২৫ মে জেএমবির শীর্ষ নেতা মাওলানা সাঈদুর রহমানসহ তাঁর সংগঠনের তিন সক্রিয় সদস্যের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয় রাজধানীর কদমতলী থানায়। তদন্ত শেষে ওই বছরের ৭ আগস্ট তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। ঢাকার মহানগর দায়রা আদালত অপরাধ আমলেও নেন। মামলাটি বিচারের জন্য পাঠানো হয় ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতে, যেখানে বিচার শুরু হয় ২০১১ সালের ১৬ জানুয়ারি। পাঁচজনের সাক্ষ্য নেওয়া হয়। কিন্তু ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর ওই আদালত এক আদেশে বলেন, সরকারের অনুমোদন ছাড়াই ঢাকার মহানগর দায়রা জজ আদালত এ মামলার অপরাধ আমলে নিয়েছেন। তাই সরকারের অনুমোদনের জন্য মামলার নথি ঢাকার মহানগর আদালতে ফেরত পাঠানো হোক। পরে ঢাকার মহানগর দায়রা জজ আদালত থেকে সরকারের অনুমোদনের জন্য আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠায়।

তাপস কুমার পাল বলেন, গত বছরের ২৬ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমোদন দেওয়া হয়েছে। আজ পুরনায় মামলার বিচারকাজ শুরু হলো।