জেএমবি-প্রধানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) প্রধান মাওলানা সাইদুর রহমানের বিরুদ্ধে করা সন্ত্রাসবিরোধী আইনের মামলার অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। ২২ জানুয়ারি এ মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে।

আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন।

ওই আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল প্রথম আলোকে বলেন, ২০১০ সালে রাজধানীর কদমতলী থানায় করা মামলায় সাইদুর রহমানের বিরুদ্ধে করা মামলার অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। ২২ জানুয়ারি এ মামলা অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে। গত বছরের আগস্টে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ মামলার অনুমোদন হয়।

এর আগে সন্ত্রাসবিরোধী আইনের অপর দুটি মামলায় আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিম উদ্দিন রাহমানী ও হিযবুত তাহ্‌রীরের প্রধান সমন্বয়ক মহিউদ্দিন আহমেদের বিরুদ্ধে মামলায় অভিযোগ গঠন করা হয়েছে।

২০০৯ সালে সন্ত্রাসবিরোধী আইনে এই তিন জঙ্গিনেতার বিরুদ্ধে তিনটি মামলা হয়।