জেএমবি সদস্য সুজনের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির এক সদস্যকে আসামি করে চট্টগ্রামে ‘মাজারে’ জোড়া খুন মামলায় আজ সোমবার দুপুরে অভিযোগপত্র দিয়েছে নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এর আগে এই মামলায় অপরাধ স্বীকার করে আদালতে জবানবন্দি দেন জেএমবির সদস্য সুজন ওরফে বাবু। আজ সোমবার চট্টগ্রাম আদালতে অভিযোগপত্রটি জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা চট্টগ্রাম নগর ডিবির উপপরিদর্শক (এসআই) সন্তোষ চাকমা।

নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী প্রথম আলোকে বলেন, জেএমবির এক সদস্য সুজন ওরফে বাবুকে আসামি করে মাজারে জোড়া খুনের মামলায় অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়েছে।
গত বছরের ৪ সেপ্টেম্বর দুপুরে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার আকবর টিলা এলাকার ‘ল্যাংটা ফকিরের মাজার’ নামে পরিচিত একটি ঘরে ঘুমন্ত অবস্থায় রহমত উল্লাহ ওরফে ল্যাংটা ফকির ও তাঁর খাদেম আবদুল কাদেরকে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত কাদেরের ছোট ভাই নুরুল ইসলাম অজ্ঞাতপরিচয় এক যুবককে আসামি করে বায়েজিদ বোস্তামী থানায় মামলা করেন।
অভিযোগপত্রে দেখা গেছে, মামলাটি প্রথমে তদন্ত করেন বায়েজিদ বোস্তামী থানার এসআই সৈয়দ ফারুক আহম্মেদ। ঘটনার তিন দিন পর আবদুল মান্নান নামের এক যুবককে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়। তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেও কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, সে বিষয়ে কিছুই জানতে পারেনি পুলিশ। বর্তমানে তিনি এই মামলায় জামিনে আছেন। অভিযোগপত্রে তাঁকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে বলে জানান তদন্ত কর্মকর্তা।
গত বছরের ৫ অক্টোবর নগরের কর্ণফুলী থানার খোয়াজনগরে একটি বাসায় অভিযান চালিয়ে অস্ত্র, গুলি, গ্রেনেডসহ জেএমবির পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে ডিবি। তাঁদের মধ্যে সুজন ওরফে বাবুও ছিলেন। পুলিশ জানায়, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজন স্বীকার করেন, জেএমবি চট্টগ্রামের ‘প্রধান’ ফারদিনের নির্দেশে ল্যাংটা ফকির ও তাঁর খাদেমকে হত্যা করেন তিনি। পরে মামলাটি বায়েজিদ বোস্তামী থানা থেকে ডিবিতে স্থানান্তর করা হয়। তদন্তের দায়িত্ব পান ডিবির এসআই সন্তোষ চাকমা। গত বছরের ৭ অক্টোবর আদালতে এ মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সুজন।
মামলার তদন্ত কর্মকর্তা সন্তোষ চাকমা প্রথম আলোকে বলেন, খাদেমকে খুন করার পরিকল্পনা জেএমবির ছিল না। কিন্তু ফকিরকে খুন করার পর তাঁর খাদেম ঘুম থেকে জেগে ওঠায় তাঁকেও গলা কেটে হত্যা করে ককটেল ফাটিয়ে চলে যান সুজন। সুজন কারাগারে আটক রয়েছেন।