জেএমবি সদস্যের জবানবন্দিতে হত্যার বর্ণনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের গোপালপুরে দরজি নিখিল চন্দ্র জোয়ারদারকে হত্যার বর্ণনা দিয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ‘জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য’ মোসলেম উদ্দিন (২২)। গতকাল রোববার সন্ধ্যায় টাঙ্গাইলের বিচারিক হাকিম আদালতে তাঁর জবানবন্দি গ্রহণ করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার সিংহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার সন্ধ্যায় মোসলেমকে কালিহাতী উপজেলার এলেঙ্গা বাজার থেকে গ্রেপ্তার করা হয়। মোসলেম গোপালপুর উপজেলার শাখারিয়া গ্রামের আবদুল গনি মিয়ার ছেলে। গ্রেপ্তারের পর পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি নিখিল চন্দ্র জোয়ারদার হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হন। গতকাল বিকেলে তাঁকে বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়। জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. আশিকুজ্জামান মোসলেমের জবানবন্দি লিপিবদ্ধ করেন। পরে তাঁকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, মোসলেম জবানবন্দিতে জানিয়েছেন, কয়েকটি ‘অপারেশন’ পরিচালনার জন্য তাঁরা কয়েকজন টাঙ্গাইলের এলেঙ্গা এলাকায় একটি ভাড়া বাড়িতে অবস্থান নেন। এ সময় তাঁদের সঙ্গে ছিলেন জেএমবির আরেক সদস্য রফিক ওরফে হৃদয়। গত ২৮ এপ্রিল তাঁরা দুজন গোপালপুরের ডুবাইল গ্রামে গিয়ে নিখিলের বাড়ি ও দোকান এবং ওই এলাকার রাস্তাঘাট দেখে আসেন। ২৯ এপ্রিল জেএমবির অপর সদস্য পঞ্চগড়ের বাইক নজরুল তাঁদের কাছে আসেন। ৩০ এপ্রিল মোসলেম, রফিক ও নজরুল একটি মোটরসাইকেলে করে নিখিল দরজির বাড়ির সামনে যান। নজরুল মোটরসাইকেলে বসে থাকেন। মোসলেম ও রফিক চাপাতি দিয়ে কুপিয়ে নিখিলের মৃত্যু নিশ্চিত করেন। পরে তাঁরা মোটরসাইকেল করে পালিয়ে যান। জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, কিছুদিন আগে বাইক নজরুল রাজশাহীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন।
গত ৩০ এপ্রিল গোপালপুর পৌর এলাকার ডুবাইল বাজারে নিখিলকে লোকজনের সামনেই কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি নিজের বাড়ির সামনে দরজির দোকান চালাতেন। এ ঘটনায় ওই রাতেই নিখিলের পরিবার ও পুলিশের পক্ষ থেকে অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে দুটি মামলা করা হয়। ঘটনার পর কয়েক ঘণ্টার মধ্যেই আইএস এই হত্যার দায় স্বীকার করে বিবৃতি দেয়।