জেএমবি সদস্যের ফাঁসির সাজা কমে আমৃত্যু কারাদণ্ড
সিলেটে বোমা হামলা মামলায় ফাঁসির আদেশ পাওয়া নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য আক্তারুজ্জামানের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল খারিজ করে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ গতকাল বুধবার আক্তারুজ্জামানকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেন। আদালতে আক্তারুজ্জামানের পক্ষে ছিলেন আইনজীবী মো. দেলোয়ার হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৫ সালের ১৮ অক্টোবর সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক বিপ্লব গোস্বামীকে লক্ষ্য করে বোমা ছোড়েন জেএমবির সদস্য আক্তারুজ্জামান। এতে ওই বিচারক আহত হন। এ ঘটনায় ওই দিনই সিলেট কোতোয়ালি থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন বিচারকের গাড়িচালক। ঘটনার দিনই গ্রেপ্তার করা হয় আক্তারুজ্জামানকে। ২০০৬ সালের ২৮ ফেব্রুয়ারি সিলেটের বিশেষ ট্রাইব্যুনাল এ মামলার রায়ে আক্তারুজ্জামানকে মৃত্যুদণ্ডাদেশ দেন। ২০১৩ সালে হাইকোর্টও আক্তারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল রাখেন। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেন আক্তারুজ্জামান। গতকাল শুনানি শেষে দণ্ড কমিয়ে আপিল খারিজ করেন আপিল বিভাগ।