২০০৯ সালে গাজীপুরের পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে সংবাদ সম্মেলনে বোমা বিস্ফোরণের ঘটনায় ফাঁসির আদেশ পাওয়া জেএমবির সদস্য মামুনুর রশিদ ওরফে জাহিদকে সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ রায় দেন। পর্যবেক্ষণে আদালত বলেন, কোনো আসামিকে গ্রেপ্তারের পরপরই আদালতে হাজিরের আগে তাঁকে যেন গণমাধ্যমের সামনে হাজির করে দেখানো না হয়, এ জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) প্রয়োজনীয় নির্দেশনা দেবেন।
২০০৯ সালের ২০ ফেব্রুয়ারি নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য মামুনুর রশিদকে পাঁচটি তাজা বোমা ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামসহ আটক করে টঙ্গী থানার পুলিশ। পরে তাঁকে হাতকড়া পরিয়ে উদ্ধারকৃত বোমাসহ গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে হাজির করা হয়। সংবাদ সম্মেলন চলাকালে হাতকড়া পরা অবস্থায় মামুনুর রশিদ টেবিলে থাকা একটি বোমার বিস্ফোরণ ঘটান। এতে পুলিশ কর্মকর্তা, সাংবাদিকসহ ১৩ জন আহত হন। ওই ঘটনায় করা মামলায় ২০১২ সালের ১৩ মার্চ মামুনুর রশিদকে ফাঁসির আদেশ দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪।
পরে বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন মামুনুর রশিদ। একই সঙ্গে হাইকোর্টে তাঁর ডেথ রেফারেন্সের (মৃত্যুদণ্ড অনুমোদন) শুনানি হয়। আদালতে মামুনুর রশিদের পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, এস এম শাহজাহান ও তাজুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর।
শেখ মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, ফাঁসির রায়ের বিরুদ্ধে মামুনুর রশিদের আপিল ও ডেথ রেফারেন্সের নিষ্পত্তি করে তাঁর ফাঁসির সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন হাইকোর্ট।
হাইকোর্ট রায়ে মন্তব্য করেছেন, গ্রেপ্তারের পর বোমাসহ মামুনুর রশিদকে নিয়ে সংবাদ সম্মেলন করা ছিল গাজীপুরের তৎকালীন পুলিশ সুপারের দায়িত্বজ্ঞানহীন কাজ। রায়ের পর্যবেক্ষণে আরও বলা হয়, তদন্তকারী কর্মকর্তা অযত্ন-অবহেলায় মামলাটির তদন্ত করেছেন। আদালত আশা করেন, এ জন্য আইজিপি ওই তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেবেন।