জেএমবি সন্দেহে গ্রেপ্তার তিন ছাত্রের দুদিনের রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীনের (জেএমবি) সদস্য সন্দেহে গ্রেপ্তার করা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রকে (বহিষ্কৃত) জিজ্ঞাসাবাদ করতে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। হাটহাজারী থানার সন্ত্রাস দমন আইনের মামলায় পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম হোসেন রেজা শুনানি শেষে এ আদেশ দেন।
তিন ছাত্র হলেন নাইমুর রহমান, ফয়সাল মাহমুদ ও শওকত রাসেল। তাঁরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের ছাত্র ছিলেন। গ্রেপ্তারের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের ছাত্রত্ব বাতিল করে।
গত বছরের ২৬ ডিসেম্বর তিনজনকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাঁদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে হাটহাজারীর আমানবাজার এলাকায় জেএমবির চট্টগ্রামের প্রধান ফারদিন ওরফে নোমান ওরফে নাফিসের ভাড়া বাসা থেকে অস্ত্র, গুলি, বিস্ফোরকসহ সেনাবাহিনীর ১২ সেট পোশাক উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় অস্ত্র, বিস্ফোরক ও সন্ত্রাস দমন আইনে পৃথক তিনটি মামলা করা হয়।
চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক এ এইচ এম মশিউর রহমান প্রথম আলোকে বলেন, তিন আসামিকে জিজ্ঞাসাবাদ করতে সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানির আগে তিনজনকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয়।