জেএমবি সন্দেহে গ্রেপ্তার ৩ নারী রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের কালিহাতী থেকে গ্রেপ্তার তিন নারী সদস্যের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবদুল্লাহ আল মাসুম এ আদেশ দেন। নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য সন্দেহে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এই তিন নারী হলেন রোজিনা বেগম (৩০), সাজিদা আক্তার (২২) ও জান্নাতী ওরফে জেমি (১৮)। ৪ জুলাই রাতে তাঁদের কালিহাতী থানার পুলিশ জোকার চর রেলগেটের পাশে একটি বাড়ি থেকে আটক করে।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. আখেরুজ্জামান জানান, ৫ জুলাই তাঁদের বিরুদ্ধে কালিহাতী থানার উপপরিদর্শক (এসআই) মো. কুতুব উদ্দিন বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে মামলা করেন। মামলায় এঁদের স্বামীদেরও আসামি করা হয়। ওই দিনই গ্রেপ্তার করা তিনজনকে টাঙ্গাইল বিচারিক আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড আবেদন করা হয়। বিচারিক হাকিম অঞ্জন কান্তি দাশ তাঁদের কারাগারে পাঠিয়ে ঈদের ছুটির পর রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করেন।

টাঙ্গাইলের জেলা পুলিশের কোর্ট পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, আজ সোমবার রিমান্ড আবেদনের শুনানি শেষে আসামিদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

গ্রেপ্তারকৃত রোজিনা বেগমের স্বামীর নাম মোকছেদুল ইসলাম ওরফে মোজাম্মেল ওরফে হারেজ (৩৫)। তাঁর বাড়ি গাইবান্ধার সাঘাটা উপজেলার পশ্চিম রাঘবপুর ভূতমারা গ্রামে। সাজিদা আক্তারের স্বামী নজরুল ওরফে বাইক নজরুল ওরফে পারভেজ ওরফে হাসান (২৯)। তাঁর বাড়ি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ছাবাহার গজপুরী গ্রামে। জান্নাতীর স্বামী আবু সাইদ ওরফে সবুজ (২৪)। তাঁর বাড়ি বগুড়ার শেরপুর উপজেলার বাগরা কুসুমদী গ্রামে।

পুলিশ জানিয়েছে, এঁরা ও এঁদের স্বামীরা সাম্প্রতিক কালে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত গুপ্তহত্যার সঙ্গে জড়িত বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তাই তাঁদের আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে রিমান্ডের আবেদন করা হয়।