একটি বেসরকারি টিভি চ্যানেলের ধর্মীয় অনুষ্ঠানের উপস্থাপক নুরুল ইসলাম ফারুকী হত্যাকাণ্ডের দুই বছরেও কাউকে শনাক্ত করতে পারেননি তদন্তকারী কর্মকর্তারা। তবে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্যরা ফারুকীকে গলা কেটে খুন করেছেন, এমন সন্দেহে মামলার তদন্ত ঘুরপাক খাচ্ছে।
বাংলাদেশ ইসলামী ফ্রন্টের (মতিন) সভাপতিমণ্ডলীর সদস্য ফারুকী হত্যাকাণ্ডের দুই বছর পূর্ণ হচ্ছে কাল শনিবার। ইসলামী ফ্রন্টের ছাত্রসংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ফারুকী হত্যার বিচারের দাবিতে ওই দিন রোডমার্চসহ তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে। নুরুল ইসলাম ফারুকী হাইকোর্ট মাজার মসজিদের খতিব ছিলেন।
মামলার তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ বিভাগ (সিআইডি) বলেছে, ফারুকী হত্যায় জেএমবির কয়েকজন সন্দেহভাজনের নাম এসেছে। তাঁরা হত্যায় সম্পৃক্ত ছিলেন কি না, তা নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।
২০১৪ সালের ২৭ আগস্ট রাতে রাজধানীর পূর্ব রাজাবাজারের ভাড়া বাসায় ঢুকে কয়েকজন যুবক পরিবারের সদস্যদের জিম্মি করে নুরুল ইসলাম ফারুকীকে গলা কেটে হত্যা করেন। এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় মামলা করেন তাঁর ছেলে ফয়সাল ফারুকী। মামলাটি প্রথমে থানার পুলিশ তদন্ত করলেও পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগে (ডিবি) স্থানান্তর করা হয়। ছয় মাস যাবৎ মামলাটি তদন্ত করছে সিআইডি।
পারিবারিক সূত্র জানায়, ফারুকীর বড় ছেলে আহমেদ রেজা ফারুকী গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘মামলার তদন্ত নিয়ে আমাদের পরিবার হতাশ। মামলার বিষয়ে পুলিশ আমাদের সঙ্গে যোগাযোগ করে না। সব ঘটনারই আসামি ধরা পড়ছে, তাদের বিচারের আওতায় আনা হচ্ছে। অথচ দুই বছর আগে আমার বাবা খুন হলেও সরকার নিশ্চুপ রয়েছে।’ আহমেদ রেজা বলেন, আমরা এর কারণ জানতে চাই। তাঁদের পরিবার এখন গাজীপুরে তাঁর বাবার কেনা জমিতে বাস করছে বলে জানান আহমেদ রেজা।
সিআইডি সূত্র জানায়, ফারুকী হত্যার কয়েক দিন পর ইসলামী ছাত্রসেনার ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক ইমরান হোসাইন বিভিন্ন টিভি চ্যানেলের ধর্মীয় অনুষ্ঠানের ছয়জন উপস্থাপকের বিরুদ্ধে আদালতে নালিশি মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, তাঁদের মদদে হত্যাকাণ্ড ঘটেছে এবং এই ষড়যন্ত্রের কথা ফারুকী মৃত্যুর আগে টঙ্গীতে একটি মাহফিল অনুষ্ঠানে বলেছিলেন।
মামলার বাদী ইমরান হুসাইন গত বুধবার অভিযোগ করে বলেন, ‘সুনির্দিষ্ট আলামতের ভিত্তিতে ছয়জনের বিরুদ্ধে মামলা করেছিলাম। পুলিশ তাঁদের জিজ্ঞাসাবাদই করেনি। আসামিদের একজন সরকারদলীয় এক নেতার পরিচালিত একটি বিমা কোম্পানির অংশীদার। এ কারণে মামলার তদন্তে পুলিশের আগ্রহ নেই। ছয়-সাত মাস আগে সিআইডি আমাকে ডেকে মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছিল। মামলার তদন্তের অগ্রগতি এই পর্যন্তই। তদন্তে অগ্রগতি না হওয়াটা পীড়াদায়ক।’
তদন্তসংশ্লিষ্ট সিআইডি সূত্র জানায়, আদালতের নির্দেশে নালিশি মামলাটি শেরেবাংলা নগর থানায় করা মূল এজাহারের সঙ্গে যুক্ত করা হয়েছে এবং একত্রে তদন্ত চলছে।
মামলার তদন্ত তদারক কর্মকর্তা, সিআইডির (অর্গানাইজড ক্রাইম) বিশেষ পুলিশ সুপার শামসুন্নাহার প্রথম আলোকে বলেন, তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী ধারণা করা হচ্ছে, ফারুকীর মতাদর্শের বিরোধী জেএমবি সদস্যরা হত্যাকাণ্ড ঘটিয়েছেন। তাঁদের মধ্যে সন্দেহভাজন কয়েকজনের নাম পাওয়া গেছে। তাঁদের ফেসবুকের লেখা খতিয়ে দেখা হচ্ছে।
সিআইডির এই কর্মকর্তা বলেন, পিডিবির সাবেক চেয়ারম্যান খিজির খান হত্যা এবং আশুলিয়ায় ব্যাংক ডাকাতির ঘটনায় গ্রেপ্তার হওয়া তিনজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিন্তু মামলা-সংক্রান্ত গুরুত্বপূর্ণ কোনো তথ্য মেলেনি।