২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী বোমা হামলার প্রত্যক্ষদর্শী ছিলেন সাতক্ষীরার রওশন আলী শেখ। ২০০৭ সালের ২৫ মে তাঁকে জবাই করে হত্যার চেষ্টা করা হয়। এ অভিযোগে সাতক্ষীরা পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শহিদুল ইসলামকে প্রধান আসামি করে ১৫ জনের বিরুদ্ধে মামলা হয়। শহিদুল নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সঙ্গে যুক্ত বলে অভিযোগ রয়েছে। তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন। তবু তাঁকে এ মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।‘রাজনৈতিক হয়রানিমূলক’ মামলা প্রত্যাহার-সংক্রান্ত জাতীয় কমিটি মামলা থেকে শহিদুল ইসলামকে অব্যাহতি দেওয়ার জন্য সুপারিশ করে। এই সুপারিশের পরিপ্রেক্ষিতে গত ২৯ নভেম্বর সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিম এ এইচ এম সামছুল আরেফিন আসামি শহিদুলকে মামলা থেকে অব্যাহতি দেন।শহিদুলকে অব্যাহতির আবেদনে সুপারিশ করেছিলেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, সাংসদ শেখ মুজিবুর রহমান, জাতীয় পার্টির সাংসদ এম এ জব্বার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং পৌর মেয়র শেখ আশরাফুল হক। যোগাযোগ করা হলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ ধরনের সুপারিশ তিনি করেছিলেন কি না, মনে নেই। জেলা আ.লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আসামি যুবলীগের কর্মী। তাই সুপারিশ করেছিলাম।’মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম ২০০৭ সালের ২০ ডিসেম্বর এজাহারভুক্ত সাতজনসহ জেএমবি সদস্য নাসিরউদ্দিন দফাদারের ছেলে জাকির হোসেন দফাদারের নাম অন্তর্ভুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।জানা যায়, জেলা ম্যাজিস্ট্রেট আবেদন পাওয়ার পরবর্তী ৪৫ কর্মদিবসের মধ্যে সুপারিশসহ জাতীয় কমিটির কাছে পাঠানোর কথা। কিন্তু আবেদন পাওয়ার সাড়ে আট মাস পর ওই কমিটির কাছে সুপারিশ পাঠান জেলা ম্যাজিস্ট্রেট। ‘হয়রানিমূলক’ মামলা প্রত্যাহারের জন্য সরকার এই জাতীয় কমিটি গঠন করে।রওশন হত্যাচেষ্টা মামলার বাদী ইয়ার আলী এ ঘটনায় বিস্ময় প্রকাশ করে প্রথম আলোকে বলেন, শহিদুল জেএমবির চিহ্নিত সদস্য। তিনি আওয়ামী লীগ বা কোনো প্রগতিশীল রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না থাকার পরও আওয়ামী লীগের নেতারা তাঁকে কেন অব্যাহতির সুপারিশ করলেন, তা বোধগম্য নয়।ইয়ার আলী বলেন, শহিদুল মামলা থেকে অব্যাহতি পাওয়ার পর তিনিসহ পরিবারের সদস্যরা আতঙ্কে দিন কাটাচ্ছেন। বিষয়টি নিয়ে তিনি উচ্চ আদালতে যাবেন।শহিদুলের দাবি: পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শহিদুল ইসলাম দাবি করেন, তিনি জেএমবির সঙ্গে জড়িত নন। এমনকি রওশন হত্যাচেষ্টার সঙ্গেও তিনি জড়িত নন। তাঁকে ষড়যন্ত্রমূলকভাবে ওই মামলায় জড়ানো হয়েছিল।জেলা ন্যাপের সাধারণ সম্পাদক কাজী সাইদুর রহমান বলেন, ‘কাউন্সিলর শহিদুল ইসলামের বিরুদ্ধে জেএমবির কর্মকাণ্ডে পৃষ্ঠপোষকতার অভিযোগ দীর্ঘদিনের। চাঞ্চল্যকর ও বহুল আলোচিত রওশন আলী হত্যাচেষ্টার মামলাটি কোনো রাজনৈতিক মামলা নয়। রাজনৈতিক বিবেচনায় এ ধরনের মামলা থেকে আসামিকে অব্যাহতি দিলে সাধারণ মানুষ আইনের শাসন থেকে বঞ্চিত হবে।