নিষিদ্ধঘোষিত সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশকে (জেএমবি) অর্থের জোগানদাতা চার ব্যক্তির নাম পেয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবি পুলিশ বলেছে, জেএমবির সংগঠক শামীন মাহফুজ সুমন, জাহিদুর রহমান ও ইসমাইল হোসেন জিজ্ঞাসাবাদে এ তথ্য দিয়েছেন। গত ৩০ জুলাই রাতে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে গ্রেপ্তার হওয়া এ তিনজন ডিবির
কাছে ছয় দিনের রিমান্ডে আছে। গতকাল শনিবার ছিল রিমান্ডের দ্বিতীয় দিন।
তিন জঙ্গিনেতাকে গ্রেপ্তারের ঘটনায় যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া মামলা তদন্ত করছে ডিবি পুলিশ। মামলার তদন্ত-তদারক কর্মকর্তা ডিবির অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ ছানোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, জেএমবিকে অর্থদাতা হিসেবে চার ব্যক্তির নাম পাওয়া গেছে। এঁদের মধ্যে দুজন ব্যবসায়ী ও দুজন সরকারি চাকরিজীবী। জঙ্গিদের দেওয়া তথ্য যাচাই করা হচ্ছে। অর্থ সরবরাহে প্রকৃতই সম্পৃক্ততা পাওয়া গেলে তাঁদের আইনের আওতায় নেওয়া হবে।
মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে জঙ্গিনেতারা ডিবিকে বলেছেন, শায়খ আবদুর রহমানসহ শীর্ষ কয়েকজন নেতার ফাঁসি কার্যকর হলে জেএমবির সাংগঠনিক কাঠামো ভেঙে পড়ে। তখন তাঁরা তিনজনই কারাগারে ছিলেন। পরে তাঁরা জামিনে বেরিয়ে শামীনের নেতৃত্বে বান্দরবানের থানচিতে প্রায় ১৫ একর জমি লিজ নিয়ে প্রশিক্ষণকেন্দ্র গড়ে তোলেন। তাঁদের মূল কাজ ছিল সদস্য সংগ্রহ করে তাঁদের জঙ্গি প্রশিক্ষণের ব্যবস্থা করা। কৃষিকাজের আড়ালে চলত এ প্রশিক্ষণ। জনবসতিপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি থাকায় তাঁরা পার্বত্য এলাকাকে নিরাপদ হিসেবে বেছে নিয়েছিলেন।
তদন্তসংশ্লিষ্ট সূত্রের বক্তব্য অনুযায়ী, রিমান্ডে তিন জঙ্গিনেতা ডিবিকে বলেন, পাকিস্তান ও আফগানিস্তানে পালিয়ে যাওয়া জেএমবি সদস্যদের সঙ্গে যোগাযোগ করে তাঁরা সংগঠনের কৌশল ঠিক করতেন। মাঝেমধ্যে ঢাকা থেকে বোমা তৈরির উপকরণ সংগ্রহ করে তা প্রশিক্ষণের কাজে ব্যবহার করতেন। রাজধানীতে এলে তাঁরা ভাষানটেকের আহলে হাদিস মাদ্রাসা মসজিদের আশপাশে সদস্যদের নিয়ে বৈঠক করতেন। ৩০ জুলাই বোমা তৈরির উপকরণ সংগ্রহ করে বান্দরবান ফেরার সময়ই পুলিশের হাতে গ্রেপ্তার হন।