জেএমবির আট সদস্যকে আসামি করে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুনিও হত্যা
কুনিও হত্যা

রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আট সদস্যের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। রংপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালত ৩ জুলাই অভিযোগপত্রটি গ্রহণ করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী গতকাল রোববার সন্ধ্যায় এ কথা জানিয়েছেন।
গত বছরের ৩ অক্টোবর সকালে রংপুর শহরের উপকণ্ঠে কাউনিয়া উপজেলার কাচু আলুটারি গ্রামে দুর্বৃত্তের গুলিতে খুন হন জাপানি নাগরিক কুনিও হোশি। তিনি সে এলাকায় একধরনের ঘাসের চাষ করতেন।
অভিযোগপত্রে উল্লেখ করা আট আসামির মধ্যে চারজন গ্রেপ্তার হয়েছেন। তাঁরা হলেন জেএমবির সদস্য রংপুরের পীরগাছা উপজেলার টাঙ্গাইলপাড়া গ্রামের বাসিন্দা ও পীরগাছা-কাউনিয়া এই দুই উপজেলার জেএমবির আঞ্চলিক কমান্ডার মাসুদ রানা (৩৩), রংপুরের পীরগাছা এই এলাকার জঙ্গি সদস্য ইছাহাক আলী (৩৪) ও লিটন মিয়া (৩২) এবং বগুড়ার গাবতলী এলাকার আবু সাঈদ (২৮)। পলাতক চার আসামি হলেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সাদ্দাম হোসেন (৩২), একই এলাকার আহসানউল্লাহ আনসারি (৩১), পঞ্চগড়ের দেবীগঞ্জের নজরুল ইসলাম (৩২) এবং গাইবান্ধার সাঘাটা উপজেলার সাখাওয়াত হোসেন (৩০)।

ওসি আবদুল কাদের জিলানী গতকাল প্রথম আলোকে বলেন, জঙ্গি সংগঠন জেএমবির কমান্ডার মাসুদ রানা, সদস্য ইছাহাক আলী ও লিটন মিয়া ইতিমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ঘটনার দিন এই তিনজন একটি মোটরসাইকেলে করে ঘটনাস্থল আলুটারি গ্রামে যান। কুনিওকে গুলি করেন মাসুদ।

মামলার তদন্ত কর্মকর্তা আবদুল কাদের জিলানী বলেন, আটজন ছাড়া অভিযোগপত্রে আর কোনো আসামি নেই। তিনি আরও বলেন, এর আগে এ মামলায় প্রাথমিকভাবে সন্দেহভাজন গ্রেপ্তার হওয়া কুনিওর ব্যবসায়িক সহযোগী হুমায়ুন কবির ওরফে হীরা, রংপুর মহানগর বিএনপির সদস্য রাশেদ-উন-নবী খান ওরফে বিপ্লব, রংপুর মহানগর যুবদলের সদস্য রাজীব হাসান ওরফে মেরিল সুমন, রংপুর শহরের জুম্মাপাড়ার নওশাদ হোসেন ওরফে ব্ল্যাক রুবেল ও শালবন মিস্ত্রিপাড়ার কাজল চন্দ্র বর্মণ ওরফে ভরসা কাজলের এ ঘটনায় জড়িত থাকার কোনো তথ্য–প্রমাণ মেলেনি।

পুলিশের দেওয়া তথ্যানুযায়ী, কুনিও হোশি (৬৬) রংপুর শহরের মুন্সিপাড়ায় এ কে এম জাকারিয়া নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকতেন। আলুটারি গ্রামে কুনিওর একটি কৃষি প্রকল্প ছিল।