জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) কারাবন্দী আমির মাওলানা সাইদুর রহমানের মেয়ে ও জামাতাসহ পাঁচজনকে চট্টগ্রাম বিমানবন্দরে আটক করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে ওমানে যাওয়ার চেষ্টাকালে অভিবাসন পুলিশ তাঁদের আটক করেছে। তাঁদের ওমান এয়ারলাইনসের টিকিট করা ছিল। ওমান এয়ারলাইনসের চট্টগ্রামের স্টেশন প্রধান নূরে আলম প্রথম আলোকে বলেন, ‘আমাদের বিমানের পাঁচ যাত্রীকে অভিবাসন পুলিশ আটক করেছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে পুলিশ কিছু জানায়নি।’পুলিশ সূত্র জানায়, আটককৃতরা হলেন জাবেদ আকবর ওরফে আবদুল্লাহ, তাঁর স্ত্রী ও তিন সন্তান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবদুল্লাহ নিজেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির আমির মাওলানা সাইদুর রহমানের জামাতা বলে দাবি করেছেন। সাইদুর বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন।চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার ফারুক আহমদ প্রথম আলোকে বলেন, এর আগে তাঁরা গত ২৬ আগস্ট চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে বিদেশ যাওয়ার চেষ্টা করেছিলেন। ওই সময় সন্দেহ হওয়ায় পুলিশ তাঁদের পাসপোর্ট জব্দ করে। আগের জব্দ করা পাসপোর্ট পর্যালোচনায় দেখা যায়, জাবেদ আকবর ওরফে আবদুল্লাহ একাধিকবার পাকিস্তানে যাতায়াত করেছেন। উপকমিশনার বলেন, ‘এরপর আবদুল্লাহ ঢাকার পাকিস্তান হাইকমিশন থেকে পাকিস্তানি পাসপোর্ট সংগ্রহ করেন বলে আমরা জানতে পেরেছি।’