জেএমবির আরও দুই সদস্য আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকা উপজেলায় গত বৃহস্পতিবার রাতে জেএমবির দুই সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ও ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন ত্রিশাল উপজেলার আল আমিন (২৮) ও জয়পুরহাটের জিয়াউল ইসলাম ওরফে জিতু (২৮)। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ গুলি, বোমা তৈরির সরঞ্জাম ও একটি মোটরসাইকেল উদ্ধার করে।
পুলিশ জানায়, আটক ব্যক্তিরা গত ২৩ ফেব্রুয়ারি ত্রিশাল উপজেলার সাইনবোর্ড এলাকায় তিন জঙ্গি ছিনতাইয়ে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। রাজধানীর রমনা থানায় করা তিনটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে ওই রাতেই আটক ব্যক্তিদের ঢাকায় পাঠানো হয়। ঢাকার ডিবি পুলিশ ও ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ বৃহস্পতিবার রাতে ভালুকা পৌর শহরের মুন্সীরভিটায় অভিযান চালিয়ে এই দুজনকে আটক করে। জিজ্ঞাসাবাদে তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী রাতেই পুলিশ ৬ নম্বর ওয়ার্ডের একটি বাড়ি থেকে চারটি গুলি, একটি ম্যাগাজিন, গানপাউডারসহ বোমা তৈরির সরঞ্জাম এবং নম্বরবিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করে।
পুলিশ ধারণা করছে, এই মোটরসাইকেলটি জঙ্গি ছিনতাইয়ে ব্যবহার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে আল আমিন ও জিয়াউল তাঁদের সঙ্গে জড়িত আরও দুজনের নাম প্রকাশ করেন। তাঁরা হলেন নোয়াখালীর আজমীর (২৮) ও ঝালকাঠির গোলাম সারোয়ার ওরফে রাহাত।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই ময়মনসিংহ ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুছ ছালাম বাদী হয়ে আল আমিন, জিয়াউল, আজমীর ও গোলাম সারোয়ারকে আসামি করে ভালুকা থানায় অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য আইনে মামলা করেন।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান জানান, আটক দুজনই ডিএমপির গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে ২৩ ফেব্রুয়ারির ঘটনার সঙ্গে তাঁদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তাঁরা জঙ্গি ছিনতাইয়ের উদ্দেশ্যে ভালুকায় বাসা ভাড়া করেছিলেন বলেও জানান।