জেএমবির আরিফের রিভিউ খারিজ, মৃত্যুদণ্ড বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির দুই বিচারক হত্যা মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য আসাদুল ইসলাম আরিফের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন দেশের সর্বোচ্চ আদালত। রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে তাঁর করা আবেদন গতকাল রোববার খারিজ করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
আইনজীবীরা বলছেন, রিভিউ আবেদন খারিজ হওয়ায় আরিফ চাইলে এখন রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারেন। তিনি যদি প্রাণভিক্ষার আবেদন না করেন বা ওই আবেদন নাকচ হয়, তবে তাঁর ফাসি কার্যকরে আর কোনো বাধা নেই।
আদালতে আরিফের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এন কে সাহা। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
আদালত থেকে বেরিয়ে নিজ কার্যালয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, আরিফের রিভিউ আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। বলা হয়েছে, একই মামলায় অন্য আসামিদের ক্ষেত্রে আপিল বিভাগ যে সিদ্ধান্ত দিয়েছেন, যে রায় দিয়েছেন, এই আসামির সম্বন্ধে ভিন্নতর রায় দেওয়ার কারণ বা অবস্থা নেই।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ঝালকাঠির জ্যেষ্ঠ সহকারী জজ সোহেল আহম্মেদ ও জগন্নাথ পাঁড়ের গাড়িতে ২০০৫ সালের ১৪ নভেম্বর বোমা হামলা করে তাঁদের হত্যা করা হয়। এই হত্যা মামলায় ২০০৬ সালের ২৯ মে বিচারিক আদালতের রায়ে জেএমবির শীর্ষ নেতা শায়খ আবদুর রহমান, সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই, শায়খ আবদুর রহমানের ভাই আতাউর রহমান সানি, জামাতা আবদুল আউয়াল, ইফতেখার হোসেন মামুন, খালেদ সাইফুল্লাহ ও আসাদুল ইসলাম আরিফকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
নিম্ন আদালতের রায়ের পর আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) শুনানির জন্য হাইকোর্টে আসে। ডেথ রেফারেন্সের শুনানি শেষে ২০০৬ সালের ৩১ আগস্ট হাইকোর্ট তাঁদের মৃত্যুদণ্ড বহাল রাখেন। তখন আরিফ পলাতক থাকায় আপিল করেননি।
আপিল বিভাগ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ছয় জঙ্গির করা জেল আপিল একই বছরের ২৮ নভেম্বর খারিজ করেন। পরে ২০০৭ সালের ২৯ মার্চ ওই ছয়জনের ফাঁসি কার্যকর করা হয়। ২০০৭ সালের ১০ জুলাই মৃত্যুদণ্ডাদেশ পাওয়া অপর আসামি আরিফ গ্রেপ্তার হন। ওই বছরই হাইকোর্টে আপিল করেন তিনি। হাইকোর্টে আরিফের মৃত্যুদণ্ড বহাল থাকে। এরপর আপিল বিভাগে আরিফ আবেদন করেন। আপিল বিভাগও মৃত্যুদণ্ড বহাল রাখেন। এই রায় পুনর্বিবেচনা চেয়ে ২০১৬ সালে আবেদন করেন আরিফ
জগন্নাথ পাঁড়ের ভাইয়ের সন্তোষ: নিজস্ব প্রতিবেদক, বরিশাল জানান, আরিফের মৃত্যুদণ্ড বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেছেন নিহত বিচারক জগন্নাথ পাঁড়ের বড় ভাই বিশ্বনাথ পাঁড়ে।
জগন্নাথ পাঁড়ের গ্রামের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার প্রত্যন্ত পদ্মা গ্রামে। গতকাল দুপুরে রায়ের খবর জেনে বিশ্বনাথ পাঁড়ে প্রথম আলোকে বলেন, ‘আমার ভাইকে চিরতরে হারিয়েছি। তাঁকে আর ফিরে পাব না। কিন্তু দ্রুত এই অপরাধীর বিচারের রায় কার্যকর করে দৃষ্টান্ত স্থাপন করা হোক, যাতে এমন করে কেউ কারও ভাইকে আর কেড়ে নেওয়ার দুঃসাহস না করে।’