জেএমবির আরেক সদস্য গ্রেপ্তার, ৮ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশিকে হত্যার সঙ্গে জড়িত থাকার সন্দেহে জেএমবির আরেক সদস্যকে গ্রেপ্তার করে আট দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। তাঁর নাম এছহাক আলী (৩০)। বাড়ি রংপুরের পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়নের পশুয়া টাঙ্গাইল গ্রামে।
এছহাক আলীকে কবে কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে কাউনিয়া থানার একটি সূত্র জানায়, এর আগে ৩ নভেম্বর রাতে গ্রেপ্তার হওয়া জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আঞ্চলিক কমান্ডার মাসুদকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ এছহাকের নাম পায়। এরপর তাঁকে পীরগাছা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
মাসুদ গত সোমবার কুনিও হোশি ও মাজারের খাদেম হত্যা এবং রংপুরে বাহাই সম্প্রদায়ের পরিচালককে হত্যাচেষ্টায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। এরপর তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
এছহাকের বিষয়ে জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা ও কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, এই আসামিকে গত মঙ্গলবার রংপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শফিউল আলমের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। আদালত আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ৩ অক্টোবর সকালে রংপুর শহরের উপকণ্ঠে কাউনিয়া উপজেলার কাচু আলুটারি গ্রামে দুর্বৃত্তদের গুলিতে খুন হন জাপানি নাগরিক কুনিও হোশি।