চট্টগ্রামে নৌবাহিনীর মসজিদে বোমা হামলা মামলা
জেএমবির এক জঙ্গির জড়িত থাকার তথ্য পেয়েছে পুলিশ
চট্টগ্রামে নৌবাহিনীর ঈশা খাঁ ঘাঁটির সুরক্ষিত এলাকার দুটি মসজিদে আত্মঘাতী বোমা (গ্রেনেড) হামলার ঘটনায় আরও এক জঙ্গির জড়িত থাকার তথ্য পেয়েছে পুলিশ। তাঁর নাম আবদুল গাফফার। তিনি টাঙ্গাইল জেলা পুলিশের তালিকাভুক্ত জঙ্গি। নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির এই সদস্য এখন গাজীপুরের কাশিমপুর কারাগারে আটক রয়েছেন। তাঁকে এ মামলায় শ্যোন অ্যারেস্ট (গ্রেপ্তার) দেখানোর জন্য আদালতে আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা ইপিজেড থানার পরিদর্শক জাবেদ মাহমুদ।
মামলার তদন্ত কর্মকর্তা জাবেদ মাহমুদ গতকাল রোববার প্রথম আলোকে বলেন, বোমা হামলার মামলায় গ্রেপ্তার দুই আসামিকে এ পর্যন্ত চার দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁরা হামলার কথা স্বীকার করলেও পলাতক আসামিদের বিষয়ে এত দিন মুখ খোলেননি। এ মাসের শুরুতে চতুর্থ দফার রিমান্ডে আসামি আবদুল মান্নান তাঁর বড় ভাই আবদুল গাফফারের প্ররোচনায় নৌবাহিনীর ঘাঁটিতে বোমা হামলা চালানোর কথা স্বীকার করেন। এ জন্য গাফফারকে এই মামলায় গ্রেপ্তার দেখাতে ১৫ জানুয়ারি আদালতে আবেদন করা হয়েছে।
গাফফার ২০১৫ সালের ৫ অক্টোবর ঢাকার মধ্য বাড্ডার নিজ বাসায় খুন হওয়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাবেক চেয়ারম্যান মুহাম্মদ খিজির খান এবং ২০১৩ সালের ২১ ডিসেম্বর গোপীবাগের ছয় খুনের ঘটনায় জড়িত বলে পুলিশ জানায়। তাঁকে ২০১৫ সালের ৩ ডিসেম্বর যাত্রবাড়ী থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করে।
২০১৫ সালের ১৮ ডিসেম্বর নৌবাহিনীর ঈসা খাঁ ঘাঁটির ভেতরে দুটি মসজিদে জুমার নামাজের সময় ১০ মিনিটের ব্যবধানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। দুটি হামলায় সামরিক-বেসামরিক লোকসহ ২৪ জন আহত হন।
বোমা হামলার নয় মাস পর গত বছরের ৩ সেপ্টেম্বর চট্টগ্রাম নগরের ইপিজেড থানায় নেভাল প্রভোস্ট মার্শাল কমান্ডার এম আবু সাঈদ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনে মামলা করেন। মামলায় নৌবাহিনীর সাবেক সদস্য এম সাখাওয়াত হোসেন, ঈসা খাঁ ঘাঁটির সাবেক বলকিপার আবদুল মান্নান, রমজান আলী ও বাবলু ওরফে রনিকে আসামি করা হয়। অজ্ঞাতপরিচয় আসামি করা হয় আরও অনেককে। আসামিদের মধ্যে আবদুল মান্নান ও রমজান আলী চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। বাকি দুজন পলাতক।
তদন্ত কর্মকর্তা বলেন, গাফফারকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে ওই হামলার নেপথ্যে কারা ছিলেন, কেন সুরক্ষিত এলাকায় হামলা করা হলো তা হয়তো বেরিয়ে আসবে। তিনি বলেন, গাফফারের বিরুদ্ধে ঢাকার বাড্ডা, শেরেবাংলা নগর ও ওয়ারী থানায় তিনটি মামলা রয়েছে। মামলাগুলো জঙ্গিসংক্রান্ত মামলা। তিনি যে মসজিদে হামলার ঘটনার সঙ্গে জড়িত, তা এত দিন কেউ জানত না। তাঁর বাড়ি টাঙ্গাইল জেলার বাশাইল থানার হাবলা গ্রামে।
এদিকে তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত কারাগারে আটক গাফফারকে হাজির করতে পিডব্লিউ (হাজিরা পরোয়ানা) জারি করে ২৬ জানুয়ারি শুনানির দিন ধার্য করেছেন।