নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির একটি অংশের সদস্যরাই গত নয় মাসে সারা দেশে ২০ খুন ও ২১টি হামলার ঘটনা ঘটিয়েছেন—এমনটাই বলেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। ডিবির কর্মকর্তারা বলছেন, এঁদের পেছনে জামায়াতে ইসলামীর ইন্ধন রয়েছে। এঁদের সঙ্গে ছাত্রশিবিরের সাবেক অনেক সদস্য সরাসরি সম্পৃক্ত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে ডিবি আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়। গত বুধবার রাতে রাজধানীর কামরাঙ্গীরচর থেকে জেএমবির তিন সদস্যকে গ্রেপ্তার এবং হাজারীবাগে কথিত বন্দুকযুদ্ধে দুজন নিহত হওয়ার ঘটনায় এই সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।
বুধবার রাতে হাজারীবাগে শিকদার মেডিকেলের কাছে ডিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন জেএমবির সদস্য কামাল ওরফে হিরন (২৫) ও আবদুল্লাহ ওরফে নোমান (২৭)। ওই রাত ১০টার দিকে কামরাঙ্গীরচরের একটি বাসা থেকে আরমান, জাহিদ হাসান ওরফে মুসহাব এবং নূর মোহাম্মদ ওরফে ল্যাংড়া মাস্টার নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়। ডিবি বলেছে, হিরন বগুড়ার সাবেক ছাত্রশিবিরের নেতা এবং নোমান শিবিরের কর্মী ছিলেন।
সংবাদ সম্মেলনে মনিরুল ইসলাম বলেন, হিরন গত ২২ অক্টোবর রাজধানীর গাবতলীতে পুলিশের এএসআই ইব্রাহিম মোল্লা হত্যা, এরপরের রাতে পুরান ঢাকার হোসেনি দালানে গ্রেনেড হামলা এবং ৪ নভেম্বর আশুলিয়ায় পুলিশের তল্লাশিচৌকিতে পুলিশ সদস্য মুকুল হত্যার ঘটনা ঘটান। ইব্রাহিম হত্যার ঘটনাস্থল থেকে পুলিশ মাসুদ রানা নামে হিরনের এক সহযোগীকে ধরে মোটামুটি তাঁদের সম্পর্কে অনেক কিছু জানে।
মনিরুল ইসলাম বলেন, জেএমবির আমির সাইদুর রহমানের অনুসারীরা সর্বশেষ ২০১৪ সালের ২৩ ফেব্রুয়ারি ময়মনসিংহের ত্রিশালে প্রিজন ভ্যানে হামলা চালিয়ে এক পুলিশকে হত্যা করে তিন জঙ্গিকে ছিনিয়ে নিয়ে যায়। এরপর ভারতের বর্ধমানের খাগড়াগড়ের বিস্ফোরণের সঙ্গে জেএমবির সম্পৃক্ততা পাওয়া যায়। কিন্তু দেশে তাদের কার্যক্রমের আর কোনো তথ্য নেই। জেএমবির সাইদুরবিরোধী অংশটিই এখন তৎপর। যুদ্ধাপরাধীদের বিচার বানচাল, দেশে অস্থিতিশীলতা তৈরির জন্য এদের পেছনে ইন্ধন দিচ্ছে জামায়াত।
সংবাদ সম্মেলনে ডিবির কর্মকর্তারা বলেন, এই অংশের সদস্যরাই ২০১৫ সালের এপ্রিল থেকে দেশের বিভিন্ন জায়গায় অন্তত ২১টি হামলার ঘটনা ঘটিয়েছেন। এসব হামলায় বিদেশি নাগরিক, পুলিশ সদস্যসহ ২০ জন নিহত হন। আহত হন প্রায় ১৭০ জন। পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’, বিস্ফোরণে ও গণপিটুনিতে জেএমবির অন্তত নয় সদস্যের মৃত্যু হয়েছে। আন্তর্জাতিকভাবে নাড়া দিতে এসব হামলার পর আইএসের নামে বিবৃতি পাঠানো হয়। তবে এদের কোনো আত্মঘাতী দল নেই। রাজশাহীর বাগমারায় দুর্ঘটনাবশত বিস্ফোরণে এক জেএমবি সদস্য মারা গেছে।
ডিবির কর্মকর্তারা বলেন, জেএমবির অপারেশন কমান্ডার হিরন ছিলেন দুর্ধর্ষ ও গোঁয়ার প্রকৃতির। তাঁর মৃত্যুতে ‘হাঁফ ছেড়েছেন’ বলে দাবি করলেন একাধিক পুলিশ কর্মকর্তা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও পুলিশ কর্মকর্তারা হিরনের মৃত্যুকে ‘নাটের গুরুর’ মৃত্যু হিসেবে আখ্যায়িত করে বিষয়টিকে নিজেদের ‘বড় বিজয়’ হিসেবে প্রকাশ করেছেন। তাঁরা বলেন, আবদুল্লাহ জেএমবির ঢাকা উত্তরের সামরিক কমান্ডার ছিলেন।
ডিবির কর্মকর্তারা বলেন, ৪ নভেম্বর মূলত বিকেএসপি এলাকায় প্রাতর্ভ্রমণে বের হওয়া এক বিদেশিকে হত্যা করতে যান জেএমবির সদস্য হিরন, মাহফুজ ওরফে শাহাদাত ওরফে আলবানি ও তারেক। ওই বিদেশিকে হত্যা করতে ব্যর্থ হয়ে ফেরার পথে তাঁরা পুলিশ সদস্য মুকুলকে হত্যা করেন। ২৪ নভেম্বর রাতে ডিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন মাহফুজ ওরফে আলবানি। তারেককে এখনো গ্রেপ্তার করা যায়নি।
সংবাদ সম্মেলনে মনিরুল ইসলাম বলেন, ডিবির সহকারী কমিশনার আহমেদুল ইসলামের নেতৃত্বে একটি দল বুধবার রাত ১০টার দিকে কামরাঙ্গীরচরের একটি বাসা থেকে আরমান, জাহিদ হাসান ওরফে মুসহাব এবং নূর মোহাম্মদ ওরফে ল্যাংড়া মাস্টারকে গ্রেপ্তার করে। ২৩ ডিসেম্বর মিরপুরের জেএমবি আস্তানা থেকে গ্রেপ্তার তিনজনকে জিজ্ঞাসাবাদ করে এঁদের সম্পর্কে তথ্য মেলে। বুধবার রাতে গ্রেপ্তার তিন জঙ্গিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে। তিনি বলেন, রাজধানী ও এর আশপাশে এ পর্যন্ত জেএমবির ১৪টি আস্তানার সন্ধান পেয়েছে ডিবি। এ রকম একটি আস্তানা কামরাঙ্গীরচরে আরমানের ভাড়া বাসা। এই বাসা থেকেই হোসেনি দালানে গ্রেনেড হামলা চালায় এবং হামলার পরে আশ্রয় নেয় জঙ্গিরা। ওই হামলার নেতৃত্বে ছিলেন আলবানি (নিহত)। সঙ্গে ছিলেন হিরন (নিহত) ও সজীব (পলাতক)। ওই হামলার সঙ্গে জড়িত সন্দেহে সালমান ও আশিক নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ল্যাংড়া মাস্টার সাভারে থাকেন। তাঁর ভাড়া বাসা জেএমবির সদস্যরা আস্তানা হিসেবে ব্যবহার করেন। তাঁদের কাছ থেকে উদ্ধার করা মোটরসাইকেলটি আশুলিয়ায় পুলিশ হত্যাসহ বিভিন্ন অভিযানে ব্যবহৃত হয়েছে।
জঙ্গিবিরোধী অভিযানগুলোর নেতৃত্বে থাকা ডিবির অতিরিক্ত উপকমিশনার ছানোয়ার হোসেন বলেন, এই জেএমবির সদস্যরা একাধিক নাম নিয়ে বিভিন্ন আস্তানায় থাকেন। আস্তানা বদল হলেই নাম বদল হয়। তাই এঁদের ধরা কঠিন হয়ে যায়।
বুধবার রাতে নিহত দুজনের লাশ গতকাল সন্ধ্যা পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ মর্গে ছিল।