জেএমবির গ্রেপ্তার আরও ২, একজনের স্বীকারোক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে ইতালীয় খ্রিষ্টান ধর্মযাজককে হত্যার চেষ্টা এবং কাহারোলে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) মন্দিরে হামলার ঘটনায় জেএমবির আরও দুই সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃতরা হলেন দিনাজপুরের বিরামপুর উপজেলার জোতবানি ইউনিয়নের কসবাসাগরপুর গ্রামের মৃত বুদা মণ্ডলের ছেলে মো. সারোয়ার ওরফে সাবু ওরফে মিজান ওরফে ড্রাইভার (৩৩) এবং জেলার কাহারোল উপজেলার বলেয়া (পূর্বপাড়া) গ্রামের নুরুল ইসলামের ছেলে আ. রহমান ওরফে পিন্টু ওরফে বাদশা (২০)।
গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) বজলুর রশিদ প্রথম আলোকে জানান, ৩ জানুয়ারি রাতে বিরামপুরের ভাইগড় এলাকা থেকে এ দুজনকে গ্রেপ্তার করা হয়। এঁদের মধ্যে আ. রহমান গতকাল বুধবার রাত নয়টায় দিনাজপুর মুখ্য বিচারিক হাকিম মো. নাজমুল হোসেনের আদালতে ইসকন মন্দিরে হামলায় জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
ইতালীয় ধর্মযাজক পিয়েরো পিচোমকে (৬৪) গুলি করে হত্যাচেষ্টার মামলায় গতকাল অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে ওই দুজনের রিমান্ড চাওয়া হয়। বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১৮ নভেম্বর সকালে দিনাজপুর শহরের মির্জাপুর এলাকার বিআরটিসি বাস ডিপোর কাছে দুর্বৃত্তরা পিয়েরো পারোলারি পিচোমকে (৬৪) গুলি করে পালিয়ে যায়। পিয়েরো পিচোম ১৯৮৭ সাল থেকে এ দেশের মানুষের চিকিৎসাসেবায় নিয়োজিত। তিনি শহরের নাভারা মিশনে কর্মরত। গুলির ঘটনায় ওই দিন রাত ১১টার দিকে কসবা মিশনের দায়িত্বে নিয়োজিত ফাদার সিলাস কুজুর অজ্ঞাতনামা কয়েক ব্যক্তিকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন।
১০ ডিসেম্বর দিনাজপুরের কাহারোল উপজেলার জয়নন্দ ডহচি গ্রামের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইস্কন) মন্দিরে হামলার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন এ ঘটনায় জড়িত সন্দেহে শরিফুল ইসলাম (২৮) নামের এক তরুণকে আটক করে পুলিশে সোপর্দ করে। ওই ঘটনায় বীরগঞ্জ উপজেলার বটতলী সিংড়া এলাকায় পালিয়ে গিয়ে এক দিনমজুরের বাড়িতে আশ্রয় নেন মোসাব্বির নামের এক জেএমবি সদস্য। মোসাব্বিরের আচরণে সন্দেহ হলে গ্রামবাসী তাঁকে ডেকে আশ্রয় নেওয়ার কারণ সম্পর্কে জানতে চান। সে সময় মোসাব্বির অস্ত্র দেখিয়ে পালানোর চেষ্টা করেন। গ্রামবাসী তাঁকে ধাওয়া দিলে তিনি গুলি ছোড়েন। গুলিতে মো. রফিক (৩২) নামের এক ব্যক্তি আহত হন। আটকের পর গ্রামবাসী মোসাব্বিরকে পুলিশে হস্তান্তর করে।