জেএমবির চার জঙ্গি গ্রেপ্তার
নিষিদ্ধঘোষিত সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।ডিবির কর্মকর্তারা জানান, বুধবার রাতে রাজধানীর উত্তরার ১০ নম্বর সেক্টরের নির্মাণাধীন একটি বাড়ি থেকে চার জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন: জেএমবির সার্বক্ষণিক কর্মী (এহসার সদস্য) শামসুল হুদা (২৫), সদস্য আবু বক্কর (২৬), সাধারণ সদস্য (গায়েরে এহসার) ফটিক ওরফে বাদশা ওরফে আবদুল্লাহ (৪০) ও বদরুল ওরফে বাদল (২৮)। তাঁদের সবার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ প্রচারপত্র, বোমা তৈরির কলাকৌশল ও প্রশিক্ষণ-সংক্রান্ত পুস্তিকা উদ্ধার করা হয়।এই চারজনকে গতকাল ঢাকার মহানগর হাকিমের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।ডিবির উপকমিশনার (উত্তর) মোল্লা নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঢাকা ও এর আশপাশের এলাকায় রমজান মাসে অরাজকতা সৃষ্টির উদ্দেশ্যে দেশের বিভিন্ন এলাকা থেকে নিষিদ্ধঘোষিত জেএমবির জঙ্গি সদস্যরা একত্র হচ্ছে বলে গোয়েন্দা তথ্য ছিল। এর ভিত্তিতে অভিযান চালানো হয়। তিনি বলেন, গ্রেপ্তার হওয়া চারজন উত্তরায় নির্মাণ শ্রমিক, রিকশা বা অটোরিকশার চালক হিসেবে নিজেদের পরিচিত গড়ে তোলেন। তাঁরা নির্মাণ শ্রমিক হিসেবে কাজের আড়ালে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করতেন।ডিবির কর্মকর্তারা জানান, জেএমবির সদস্যরা জিজ্ঞাসাবাদে জানান, তাঁদের চারজনের সঙ্গে জেএমবির কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও তথ্যপ্রযুক্তি শাখার (আইটি) প্রধান রুহুল আমিন ওরফে সালমানের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরেই গত ২৬ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সালমানকে জবাই করে খুন করেন। সালমান হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতম আসামি হলেন গ্রেপ্তার হওয়া শামসুল হুদা। তিনি চাঁপাইনবাবগঞ্জ টাউন আলিয়া মাদ্রাসার কামিল প্রথম বর্ষের ছাত্র এবং ছাত্রশিবিরের প্রাক্তন সাথি। তিনি ২০০৬ সালে জেএমবিতে যোগ দেন বলে ডিবিকে জানান।