জেএমবির চার সদস্য রিমান্ডে
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধঘোষিত সংগঠন জেএমবির চার সদস্যকে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম আবদুল্লাহ আল মাসুদ রিমান্ডের এই আদেশ দেন।
জেএমবির ওই সদস্যরা হলেন: জাফর আহমেদ, রাসেল আহমেদ ওরফে রিংকু, আবদুল্লাহ আল মঞ্জুর ও রাসেল উদ্দিন। এঁদের মধ্যে প্রথম তিনজনকে পাঁচ দিনের করে এবং রাসেলকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন বিচারক।
এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির উপপরিদর্শক আবুল বাশার এই আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, ২২ ফেব্রুয়ারি রাজধানীর হাতিরঝিল এলাকায় এই আসামিরা আরও কয়েকজনের সঙ্গে মিলিত হয়ে নাশকতার পরিকল্পনা করছিলেন। আটকের পর তাঁদের কাছ থেকে বিভিন্ন জিহাদি বই, ল্যাপটপ ও মোবাইল জব্দ করা হয়। কিন্তু তাঁদের সঙ্গে থাকা কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই চার আসামি স্বীকার করেছেন, তাঁরা ফেসবুকের মাধ্যমে কর্মী সংগ্রহ করছিলেন। এই ঘটনার পলাতক আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে এবং মামলার রহস্য উদ্ঘাটনের জন্য তাঁদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। শুনানি শেষে আদালত এই রিমান্ড আবেদন মঞ্জুর করেন।