জেএমবির চার সদস্যের জবানবন্দি

সিরাজগঞ্জে গ্রেপ্তার হওয়া সাত জেএমবি সদস্যের মধ্যে চারজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল বুধবার সিরাজগঞ্জের আমলি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়া জেএমবির সদস্যরা হলেন সদর উপজেলার চরছোনগাছা গ্রামের মোতালেব হোসেন, শাহানগাছা পূর্বপাড়া গ্রামের সোয়াইব বাবু, ভেওমাড়া গ্রামের সুলতান মাহমুদ এবং কাজীপুর উপজেলার বরইতলা গ্রামের হযরত আলী।
সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে গতকাল এক সংবাদ সম্মেলনে জেএমবির সদস্যদের জবানবন্দি দেওয়ার তথ্য জানান পুলিশ সুপার মিরাজ উদ্দীন। তাঁদের উদ্ধৃতি দিয়ে পুলিশ সুপার বলেন, জসিম উদ্দিন রাহমানী নামের এক ব্যক্তির ওয়াজ শুনে তাঁরা সবাই জেএমবিতে যোগ দেন। তারপর থেকে মুঠোফোনের মাধ্যমে তাঁরা ওই ওয়াজ প্রচার করে সদস্য সংগ্রহ শুরু করেন। জেলার বিভিন্ন উপজেলা থেকে তহবিল সংগ্রহ করে তাঁরা চট্টগ্রামে জঙ্গি প্রশিক্ষণে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু ইউসুফ, গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহেদুজ্জামানসহ পুলিশের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জবানবন্দি দেওয়া জেএমবির এই চার সদস্য এবং উল্লাপাড়ার রাঘবপুর গ্রামের ওমর ফারুক ও ইদ্রিস আলী ও চরছোনগাছা গ্রামের মাহমুদুল হাসানকে উল্লাপাড়া থানা ও গোয়েন্দা পুলিশ ১১, ১৪ ও ১৭ অক্টোবর গ্রেপ্তার করে। গতকাল সাতজনকেই জেলা কারাগারে পাঠানো হয়।