জেএমবির চার সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৭ আগস্ট সারা দেশে একযোগে বোমা হামলার ঘটনায় ঠাকুরগাঁওয়ের একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত চারজনের পৃথক চারটি জেল আপিল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।গতকাল মঙ্গলবার বিচারপতি খোন্দকার মূসা খালেদ ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ফলে তাঁদের যাবজ্জীবন কারাদণ্ডের রায় বহাল রইল বলে জানিয়েছেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. জসীম উদ্দিন।সাজা পাওয়া এই চারজন হলেন নিষিদ্ধ জঙ্গিসংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য মো. আবদুল লতিফ (ঠাকুরগাঁও), মো. আবদুর রাজ্জাক (ঠাকুরগাঁও), হেফজুর রহমান (ঠাকুরগাঁও), আবদুর রাজ্জাক (পঞ্চগড়)।আদালত সূত্র জানায়, ২০০৫ সালের ১৭ আগস্ট ঠাকুরগাঁওয়ের আদালত এলাকার বিভিন্ন জায়গায় বোমা হামলার অভিযোগে সদর থানায় একটি মামলা করে পুলিশ। ওই মামলায় ২০০৬ সালের ৩১ আগস্ট ঠাকুরগাঁওয়ের একটি আদালত এই চার আসামিসহ সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানার রায় দেন। এ রায়ের বিরুদ্ধে চার আসামি ২০০৬ সালে কারাগার থেকে জেল আপিল করেন। বাকি তিন আসামি পলাতক আছেন।