জেএমবির জঙ্গিরা অন্য সংগঠনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধ সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) অনেক সদস্য আরেক গোপন সংগঠন জামায়াতুল মুসলেমিনে যোগ দিয়েছেন। কেউ কেউ যোগ দিয়েছেন জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমে।
জামায়াতুল মুসলেমিন নামে তৎপর কট্টরপন্থী সংগঠনটি এখন পর্যন্ত দেশে আলোচনায় আসেনি। এর অস্তিত্ব সম্পর্কে জঙ্গি দমনে সম্পৃক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংস্থাগুলো সম্প্রতি জানতে পেরেছে।
আর গত বছরের মার্চের দিকে নতুন জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের তৎপরতার কথা প্রকাশ পাওয়ার পর সংগঠনটির ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ে। এর বর্তমান প্রধান এজাজ (পুরো নাম জানা যায়নি) এর আগে জেএমবির সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি পাকিস্তানে আছেন বলে গোয়েন্দা সূত্রগুলো দাবি করেছে।
২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী একযোগে ৫০০ বোমা ফাটিয়ে নিজেদের অস্তিত্ব জানান দেয় জেএমবি। এরপর সরকার সংগঠনটির প্রতিষ্ঠাতা শায়খ আবদুর রহমান ও অন্যতম শীর্ষ নেতা সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইসহ গুরুত্বপূর্ণ প্রায় সব নেতাকে গ্রেপ্তার করে। এদের মধ্যে বিচারের পর ২০০৭ সালে শীর্ষস্থানীয় ছয় নেতার ফাঁসি কার্যকর করা হয়। এরপর সংগঠনটি বিপর্যস্ত হয়ে পড়ে। গত কয়েক বছরে জেএমবির মধ্যম ও নিচের সারির অনেকে জামায়াতুল মুসলেমিনে যোগ দেন।
২০০৮ সালের ১৫ নভেম্বর রাজধানীর মিরপুর থেকে জেএমবির কথিত সামরিক কমান্ডার মো. হানিফ গ্রেপ্তার হন। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি জানান, বন্ধু এজাজের মাধ্যমে তাঁরা তিনজন জেএমবি থেকে জামায়াতুল মুসলেমিনে যোগ দেন। অবশ্য এজাজ পরে আনসারুল্লাহ বাংলা টিমে যোগ দেন।
জেএমবির প্রতিষ্ঠাকালীন শুরা সদস্য শাহেদ বিন হাফিজও এখন জামায়াতুল মুসলেমিনে আছেন। সর্বশেষ গ্রেপ্তার হওয়া ও বর্তমানে ডিবির হেফাজতে রিমান্ডে থাকা তিন জঙ্গি সামিন মাহফুজ, জাহিদুর রহমান ও ইসমাইল হোসেনও জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তাঁরা শুরুতে জেএমবিতে ছিলেন, পরে জামায়াতুল মুসলেমিনে যোগ দেন।
প্রথম আলোর অনুসন্ধানে জানা গেছে, দেশের উত্তরাঞ্চল থেকে জামায়াতুল মুসলেমিনের যাত্রা শুরু। পরে সংগঠনটি একাধিক ভাগ হয়ে একাংশ রাজধানীকে কেন্দ্র ধরে সক্রিয় হয়। এর সদস্যদের বেশির ভাগই আহলে হাদিস সম্প্রদায়ের ভাবধারায় বিশ্বাসী। অনেকে আধুনিক শিক্ষায় শিক্ষিত।
গত বছর জুনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জঙ্গি প্রতিরোধ ও প্রতিকার কমিটিতে উত্থাপিত এক গোয়েন্দা প্রতিবেদনে এ দেশে তৎপর ‘জঙ্গি সংগঠনের’ যে তালিকা দেওয়া হয়েছে, তাতে জামায়াতুল মুসলেমিনের নাম রয়েছে। এর আমির হিসেবে রেজাউল রাজ্জাকের নাম উল্লেখ করা হয়েছে। এর বাইরে সংগঠনটি সম্পর্কে আর কোনো তথ্য ওই নথিতে নেই।
অনুসন্ধানে জানা গেছে, রেজাউল রাজ্জাক মার্কিন যুক্তরাষ্ট্র থেকে উচ্চশিক্ষা শেষ করে ঢাকার বনানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন। ওই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রথম আলোকে জানায়, রেজাউল রাজ্জাক ২০১০ সালের জুন থেকে আর সেখানে নেই। চাকরির নথিতে তাঁর স্থানীয় কোনো ঠিকানা নেই। আমেরিকার একটি ঠিকানা দেওয়া আছে।
ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম বলেন, সম্প্রতি গ্রেপ্তার হওয়া তিন জঙ্গির একজন জিজ্ঞাসাবাদে রেজাউল রাজ্জাকের নাম বলেছেন। তিনি এখন মালয়েশিয়ায় অবস্থান করছেন বলে ডিবি জানতে পেরেছে।
জামায়াতুল মুসলেমিনের একটি সহযোগী সংগঠন ছিল। নাম রিসার্চ সেন্টার ফর ইউনিটি ডেভেলপমেন্ট (আরসিইউডি)। রাজধানীর ধানমন্ডিতে এর কার্যালয় ছিল। এটি দেশি-বিদেশি জঙ্গি সংগঠনের মধ্যে যোগাযোগ ও সমন্বয়ের কাজ করত। এ নিয়ে ২০১১ সালের ২ মার্চ প্রথম আলোতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়।
আরসিইউডির কার্যক্রম এখন বন্ধ আছে। এর চেয়ারম্যান ছিলেন মো. আবদুর রশিদ চৌধুরী। বার্ধক্যজনিত কারণে অসুস্থ আবদুর রশিদ ২০১১ সালের ১৫ ফেব্রুয়ারি এ প্রতিবেদকের কাছে দাবি করেছিলেন, এটি ধর্মবিষয়ক গবেষণাপ্রতিষ্ঠান ছিল। তিনি বলেন, আরসিইউডির মূল উদ্যোক্তা রেজাউল রাজ্জাক। তবে রেজাউল কাগজপত্রে কোনো পদে ছিলেন না।
আরসিইউডি ও জামায়াতুল মুসলেমিনের কেউ কেউ ইয়েমেনে গিয়ে আল-কায়েদা নেতা আনোয়ার আওলাকির (পরে নিহত) সঙ্গে সাক্ষাৎ করেন বলে গোয়েন্দাদের কাছে তথ্য রয়েছে। বাংলাদেশি তিনজন নাগরিক তেহজীব করীম, মাঈনুদ্দিন শরীফ ও তাঁর ভাই রেজোয়ান শরীফ ২০১০ সালের শুরুতে ইয়েমেনে আল-কায়েদাবিরোধী অভিযানে গ্রেপ্তার হন। ছয়-সাত মাস জেল খেটে পরে দেশে ফেরেন। তাঁদের গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। এই তিনজনই আরসিইউডির সঙ্গে যুক্ত ছিলেন বলে তখন আবদুর রশিদ প্রথম আলোর কাছে স্বীকারও করেন। তেহজীব করীম তাঁর মেয়ের জামাই। তেহজীবের ভাই রাজীব করিম ব্রিটিশ এয়ারওয়েজে বোমা হামলার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে লন্ডনে গ্রেপ্তার হন। দোষী সাব্যস্ত হয়ে তিনি এখন যুক্তরাজ্যের কারাগারে সাজা ভোগ করছেন। রাজীব গ্রেপ্তারের পর যুক্তরাজ্যের পুলিশকে বলেছিলেন, তিনি বাংলাদেশে থাকার সময় জেএমবির সঙ্গে যুক্ত ছিলেন।
জামায়াতুল মুসলেমিন আরসিইউডির মাধ্যমে ধর্মীয় পুস্তিকা ছাপিয়ে দিয়ে ও নগদ অর্থ দিয়ে জেএমবিকে ২০১০ সালে সহায়তা করেছিল। ওই বছরের মে মাসে জেএমবির আমির মাওলানা সাইদুর রহমান ধরা পড়ার পর পুলিশের জিজ্ঞাসাবাদে এ তথ্য দেন বলে তখনই সংশ্লিষ্ট একজন কর্মকর্তা এ প্রতিবেদককে জানিয়েছিলেন। সাইদুর রহমান আরও জানিয়েছিলেন, জামায়াতুল মুসলেমিন মূলত আল-কায়েদার আদর্শ অনুসরণে বেশি আগ্রহী। সায়েফ ও সাদ্দাম নামের সংগঠনটির দুজন নেতার ইয়েমেনকেন্দ্রিক যোগাযোগ ছিল। এই সায়েফ ও সাদ্দামকে এখনো শনাক্ত করতে পারেনি গোয়েন্দারা।
জানা গেছে, বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়নের হুয়াকুয়া গ্রাম থেকে বেশ কয়েক বছর আগে জামায়াতুল মুসলেমিনের যাত্রা শুরু হয়। এর প্রতিষ্ঠাতা আমির ছিলেন আবদুল্লাহ বিন শওকত। তাঁর বাড়ি কুড়িগ্রামের চিলমারীতে। তিনি মারা যাওয়ার পর বগুড়ার সোনাতলা উপজেলায় পাকুল্লা গ্রামের খালিদ বিন মুসলেমিন আমিরের দায়িত্ব পান।
শুরুতে সংগঠনটি কট্টরভাবে ধর্মীয় আমলের (আচার পালন) ব্যাপারে জোর দিত। পরবর্তী সময়ে কর্মকৌশল নিয়ে মতভিন্নতার কারণে জামায়াতুল মুসলেমিন তিন ভাগে বিভক্ত হয়। এর মধ্যে বগুড়াকেন্দ্রিক অংশটি আগের ধারায় থেকে যায়। কুষ্টিয়া, মেহেরপুর, খুলনা ও চুয়াডাঙ্গাকেন্দ্রিক আরেকটি ধারা জেএমবির সঙ্গে সমন্বয় রেখে চলে। অপর অংশটি ঢাকাকেন্দ্রিক তৎপরতা শুরু করে। মূলত এ অংশটিই এখন উগ্রপন্থা নিয়ে সক্রিয়। এরা শুরুতে মিরপুর সাড়ে ১১ নম্বরে আহলে হাদিস মসজিদকেন্দ্রিক তৎপর ছিল। পরে বাড্ডা, ধানমন্ডি, বনানী, আজিমপুর ও মিরপুর ২ নম্বরে এ সংগঠনটির পাঠচক্র গড়ে তোলে। রাজধানীতে সংগঠনটির একটি ইংরেজি মাধ্যম স্কুলও আছে। ২০০৮ সালের নভেম্বরে গ্রেপ্তার হওয়া জেএমবির কথিত সামরিক কমান্ডার হানিফ গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে মুসলেমিনের এসব পাঠচক্রের ব্যাপারে তথ্য দেন বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।
সম্প্রতি জানা গেছে, ওই এজাজের বাসা রাজধানীর কলাবাগানে। তিনিও আগে জেএমবির সঙ্গে ছিলেন। তারপর জামায়াতুল মুসলেমিনে যান। পরে আনসারুল্লাহ বাংলা টিমে যোগ দেন।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানায়, আনসারুল্লাহর প্রধান মুফতি জসিমউদ্দীনসহ অন্যদের জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছেন, এজাজ এখন আনসারুল্লাহর অন্যতম প্রধান। তিনি পাকিস্তানে বসে ইন্টারনেট যোগাযোগের মাধ্যমে সংগঠনের কর্মীদের সক্রিয় রাখছেন।
জামায়াতুল মুসলেমিনের বগুড়াকেন্দ্রিক অংশের একজন অন্যতম নেতা শাহেদ বিন হাফিজকে ২০১০ সালের জুনে বগুড়া শহর থেকে আটক করে ঢাকার ডিবি। তখন তিনি জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, তিনি জেএমবির প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন। পরে জেএমবি ছেড়ে জামায়াতুল মুসলেমিনে যোগ দেন বলে ডিবি কর্মকর্তারা জানান।
অবশ্য শায়খ আবদুর রহমানের জবানবন্দিতেও জেএমবির প্রতিষ্ঠাকালীন শুরা সদস্য হিসেবে শাহেদ বিন হাফিজের নাম ছিল। শাহেদের সঙ্গে ২০০৯ সালের ১৬ ফেব্রুয়ারি বগুড়ায় এ প্রতিবেদকের কথা হয়। তিনি তখন দাবি করেছিলেন, তিনি জেএমবিতে ছিলেন না। তবে জামায়াতুল মুসলেমিনে যুক্ত থাকা এবং এ সংগঠনের নেতা খালেদ বিন মুসলেমিনের ভাগনিকে বিয়ে করার কথা জানান তিনি।
ঢাকা মহানগর পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, জেএমবির অনেক সদস্য জামায়াতুল মুসলেমিন ও আনসারুল্লাহ বাংলা টিমে যোগ দিয়েছেন। বিভিন্ন সময়ে গ্রেপ্তার হওয়া বিভিন্ন জঙ্গিকে জিজ্ঞাসাবাদ করে তাঁরা এমন তথ্য পেয়েছেন। তিনি বলেন, নতুন নতুন জঙ্গি সংগঠনে যোগ দিলেও এসব সংগঠনের মতাদর্শ অভিন্ন।