জেএমবির তিন জঙ্গি গ্রেপ্তার
নিষিদ্ধঘোষিত সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিন জঙ্গিকে গ্রেপ্তার করেছে র্যাব। তাঁরা হলেন জয়পুরহাটের শারফুল ইসলাম ওরফে লিখন ওরফে রানা (৩২), দিনাজপুরের শাহীনুল ইসলাম ওরফে শাহীন (২২) ও কুড়িগ্রামের চাইনুর রহমান ওরফে বাবুল (২৪)।গত শুক্রবার রাতে রাজধানীর অদূরে সাভারের বৈলারপুর থেকে এই তিন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাব সূত্র জানায়।র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, গ্রেপ্তার হওয়া শারফুল জেএমবির সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ শুরা কমিটির সদস্য। শাহীন সংগঠনের সার্বক্ষণিক সদস্য (এহসার) ও বাবুল সাধারণ সদস্য (গায়েরে এহসার)। এই তিনজনকে গতকাল র্যাবের সদর দপ্তরে সংবাদমাধ্যমের সামনে হাজির করা হয়।র্যাব জানায়, জেএমবির কিছু সদস্য ঢাকায় আসবে, গোপন সূত্রে এমন খবর পাওয়ার পর র্যাব নজরদারি শুরু করে। শুক্রবার রাতে উত্তরবঙ্গ থেকে আসা একটি বাস হতে সাভারে নামার পরপর এই তিনজনকে র্যাব আটক করে। তাঁদের কাছ থেকে আটটি পেট্রল বোমা ও দুটি মিষ্টি কুমড়ার ভেতরে লুকানো অবস্থায় এক হাজার ৫০০ গ্রাম বিস্ফোরক উদ্ধার করা হয়।র্যাব জানায়, জঙ্গি শারফুল ২০০৫ সালের ১৭ আগস্ট জয়পুরহাটে বোমা হামলা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। তিনি ২০০৩ সালে ঢাকায় চলে আসেন। এরপর তিনি জঙ্গি তৎপরতার পাশাপাশি মোটরসাইকেল মেরামতের কাজ শুরু করেন। গ্রেপ্তার হওয়া আরেক জঙ্গি শাহীন পঞ্চগড়ের দেবীগঞ্জে জেএমবির দাওয়াতি কার্যক্রম পরিচালনার সময় ২০০৪ সালে প্রথম গ্রেপ্তার হয়েছিলেন। পরে তিনি জামিনে মুক্তি পান। আর বাবুল ২০০৪ সালের এপ্রিলে কুড়িগ্রামে বিস্ফোরকসহ গ্রেপ্তার হয়েছিলেন। পরে জামিনে ছাড়া পেয়ে তিনি গাজীপুরের মৌচাকে একটি কারখানায় মেশিন অপারেটর হিসেবে কাজ নেন।